কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি” — এক অভিনব সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে। প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা পঙ্কজ মল্লিকের বালিগঞ্জের হাজরা রোড সংলগ্ন ঐতিহ্যবাহী বাসভবনের একাংশে গড়ে উঠেছে এই বিশেষ উদ্যোগ। পঙ্কজ মল্লিকের জন্মদিনের ঠিক পরের দিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, রাজীব গুপ্ত, ঝিনুক গুপ্ত-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ বসু।
প্রায় শতবর্ষ প্রাচীন আর্ট ডেকো শৈলীর এই ভবনটি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন। পঙ্কজ মল্লিকের দৌহিত্র রাজীব গুপ্ত ও দৌহিত্রবধূ ঝিনুক গুপ্তের উদ্যোগে তৈরি এই কেন্দ্রের নামকরণেও রয়েছে বিশেষ তাৎপর্য। ‘লেজেন্ড’ শব্দটি পঙ্কজ মল্লিকের শিল্পীসত্ত্বাকে সম্মান জানিয়ে আর ‘লেগ্যাসি’ বহন করে তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের বার্তা।

এই কেন্দ্রের অন্যতম আকর্ষণ ইন-হাউস ক্যাফে, যেখানে থাকবে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার ও শিল্পীর পছন্দের বিশেষ কিছু পদ। পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পাবেন পঙ্কজ মল্লিকের ব্যবহৃত অর্গান, তানপুরা, পুরনো রেকর্ড কভার, আকাশবাণীর রেকর্ডিংয়ের স্মৃতি, চলচ্চিত্রের বুকলেট, ডাকটিকিট ও নানা দুর্লভ সংগ্রহ। গান শোনার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন-এর সহায়তায় ভবিষ্যতে এখানে নিয়মিত কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পচর্চার বিভিন্ন আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুধু ক্যাফে নয়, “লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি” কলকাতার শিল্প-সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন সংস্কৃতি মহল।

–

–

–

–

–
–
–
