বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত ‘অপরাজিত’ (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি আর নেই! বিশ্বাস করতে পারছে না টলিউড। স্ত্রীর ফ্ল্যাটের চারতলার ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের! ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না বাংলা বিনোদন জগতের অভিনেতা থেকে পরিচালক কেউই। বাকরুদ্ধ সতীর্থরাও। অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক খবর। এটা মানতে অবাক লাগছে। এর পেছনে কোন রহস্য রয়েছে সেটা জানিনা। পুলিশের তদন্ত চলছে। আশা রাখছি দ্রুত মৃত্যুর কারণ সামনে আসবে। তিনি যেভাবে সিনেমার একটা ধারাকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, বিজ্ঞাপন জগতের হয়ে কাজ করেছেন যেটা সত্যিই প্রশংসার যোগ্য।”
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। অনেকেই বলতে শুরু করেছিলেন সত্যজিতের ম্যাজিককে ইউএসপি হিসেবে ব্যবহার করে যেভাবে রাজনৈতিক ও সামাজিক কটাক্ষ ও ব্যঙ্গকে তুলে ধরেছিলেন পরিচালক, এটা নিঃসন্দেহে বাংলা ছবির জগতে এক অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হয়ে থাকবে। ‘ভূতের ভবিষ্যৎ’ বাংলা ছবিতে ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচিত হওয়ার পর অনেকটা একই ধাঁচে তাঁর পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’- উপহার দিয়েছিলেন টলিউডকে।প্রাপ্তবয়স্ক গল্পের মধ্যে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন পরিচালক অনীক। আজীবন বামপন্থায় বিশ্বাসী পরিচালক বারবার পূর্বতন সরকারের আমলে ছবি মুক্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছিল বলে অভিযোগ করেন। তাঁর কাজের মধ্যে ‘সত্যজিৎ ভাবনা’কে প্রতিফলিত হতে দেখা গেছে একাধিকবার। অভিনেতা জীতু কামালকে (Jeetu Kamal) নিয়ে ‘অপরাজিত’ করেন, যা বক্স অফিসে রীতিমতো আলোড়ন তৈরি করে। ২০২৫ সালে পুজোয় মুক্তি পেয়েছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’। এ ছবির মুখ্য চরিত্র ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সিনেমায় যাঁর নাম ‘তোপসে’ রেখেছিলেন পরিচালক। গোয়েন্দা গল্পের চিত্রনাট্যেও বরাবরের মতো নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছিলেন অনীক। তবে আভাস দিয়েছিলেন যে এটাই হয়তো তাঁর শেষ ছবি। সে কথা যে এভাবে সত্যি হয়ে যাবে তা ভাবতে পারেনি টলিউড। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ই হোক বা ‘মেঘনাদবধ রহস্য’ কিংবা ‘ভবিষ্যতের ভূত’-সব ছবিগুলি দর্শক মনে সাড়া ফেলেছিল। কয়েক মাস ধরে নিজের বাড়িতে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

আজ অনীকের খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান জীতু, দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, মানসী সিন্হা, বাম নেত্রী দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষসহ অন্যান্যদেরও। অনীকের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

–

–

–

–

–
–
