অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। রবিবার দিঘায় (Digha) প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে তিনি জানান, অভিনেতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশকে প্রয়োজনীয় নথিপত্র ডিজিপি (DGP) ও স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত সিআইডি তদন্তভার গ্রহণ করতে পারে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগেই উদয়পুরে এক চিত্রতারকার মৃত্যুর ঘটনা ঘটেছে। ওড়িশা সরকার সেই ঘটনার তদন্তে সিট গঠন করেছে। আমিও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি, ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের কাছে সমস্ত নথি পাঠাতে, যাতে এই মামলাটিও সিআইডি নিয়ে তদন্ত শুরু করতে পারে।” তিনি আরও জানান, “অভিনেতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আপাতত এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত রয়েছে।”

চলতি বছরের ২৯ মার্চ তালসারিতে একটি শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪২ বছর বয়সে তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টলিউডে (Tollywood)। পরিবারের পাশাপাশি বিনোদন জগতের শিল্পীরাও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছিলেন। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, দীর্ঘ সময় জলের নীচে আটকে থাকার ফলে তাঁর শরীরে বিপুল পরিমাণ নোনা জল ও বালি ঢুকে যায় এবং শ্বাসরোধের কারণেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

রাহুলের মৃত্যুর ঘটনাকে সামনে রেখেই এবার দিঘা ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে এই অঞ্চলে নুলিয়ার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তাই দ্রুত আরও নুলিয়া নিয়োগের উদ্যোগ নেওয়া হবে এবং তাঁদের পারিশ্রমিকের টাকা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি দেখভালের জন্য কাঁথির মহকুমাশাসককে (Sub-divisional Officer of Kanthi) দায়িত্ব দিয়েছেন তিনি।

–

–

–

–
–
