নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা হল টেলিগ্রাম। এই অ্যাপের একটি জনপ্রিয় ফিচারও বন্ধ করা হল।

কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে টেলিগ্রামে। বিভিন্ন চ্যানেলে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে এডিটেড স্ক্রিনশট এবং পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাচ্ছিল এমনটাই খবর। তাই এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে ভারতে সাময়িকভাবে টেলিগ্রামের অ্যাক্সেস সীমিত করা হয়েছে। এই প্ল্যাটফর্মটির একটি ফিচার বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ জুন নিট ইউজি ২০২৬ রিটেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দু’টি নির্দেশ জারি করে জানিয়েছে ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের অ্যাক্সেস সীমিত থাকবে। এই সময়সীমার মধ্যে পরীক্ষার দিন এবং তার পরবর্তী সময়ও রয়েছে। শুধু তাই নয়, ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের আগে থেকে পোস্ট করা মেসেজ এডিট করার সুবিধা বন্ধ থাকবে।

এনটিএর তরফে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের ওপর নজরদারি চালিয়ে দেখা গিয়েছে সেই চ্যানেলগুলি প্রতারণা ও সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। ‘PAPER LEAKED NEET’, ‘Re-NEET 2026’, ‘Private Mafia’ এবং ‘REE NEET MAFIAA’-এর মতো চ্যানেলগুলো প্রকাশ্যে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার দাবি করছিল। বিভিন্ন রাজ্যে পরীক্ষার্থীদের থেকে বিপুল অঙ্কের টাকা পর্যন্ত দাবি করছিল। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় এবং প্রতারণা টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দেখা গিয়েছে বেশ কিছুদিন ধরেই। ফলে নিট-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্রশাসন প্ল্যাটফর্মটির ওপর নজরদারি শুরু করেছে।

–

–

–

–
–
–
