Tuesday, June 16, 2026

এ কী দেখলাম, টাকি বয়েজকে স্যালুট। কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

আমি রীতিমত বিস্ময়ে হতবাক।
এটা আমাদের সেই সরকারি মধ্যবিত্ত বাঙালি স্কুল? এটা সেই টাকি বয়েজ?
এ আমি কী দেখছি!!
ঘোর কাটতে অনুভব করলাম, ঠিক দেখছি, এটাই টাকি বয়েজ।

শুক্রবার ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে স্কুলের বার্ষিক অনুষ্ঠান। যত কাজ থাকুক, এই অনুরোধ রক্ষা করতেই হয়। নিজের মনের নির্দেশ। একটি কাজ সেরে গেছি একটু দেরিতে। মঞ্চে তখন ভরপুর অনুষ্ঠান।

কিন্তু এ কী দেখলাম। আমাদের শৈশব থেকে দেখা সেই ভেতো বাঙালি টাকির আজকের খুদেরা এ কী করছে? ইংরেজিতে নাটক, স্বার্থপর দৈত্য। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে অসাধারণ নাচের উপস্থাপনা। ভাষা সাবলীল, শরীরী ভাষা অনায়াস। আমি অভিভূত। এই তল্লাটের বাংলা স্কুলের মধ্যে ইংলিশ মিডিয়াম শাখা শুরু হল তো এই সেদিন। তার মধ্যেই বিলিতি সংস্কৃতির আঙিনায় ছোটদের এমন বিচরণ ! এটা শুধু দৃষ্টিনন্দন নয়, দরকারিও বটে। ঘোষিত নামি উচ্চমার্গের ইংরেজি মাধ্যমকে টেক্কা দেওয়ার ইঙ্গিত রাখল টাকি।

আর শুধু ইংরেজি নয়; বাংলা উপস্থাপনার বৈচিত্রও নজরকাড়া। পরিচিত নানা গানের মিশ্রণভাবনা ও তার ভিত্তিতে গীতিনৃত্য, মন্ত্রমুগ্ধ ছিলাম সত্যিই। সুস্থ সময়োপযোগী সংস্কৃতির নিপুণ বিচ্ছুরণ। তার মধ্যে ছবি তোলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণও। সেখানেও দক্ষতার ছাপ। শিক্ষকশিক্ষিকা, ছাত্ররা মিলে এক সার্বিক সুন্দর বার্ষিক অনুষ্ঠান উপহার দিলেন পুজোর আগে। সঙ্গে যোগ্য সঙ্গতে প্রাক্তনীরা; উপভোগ্য রাজর্ষির সেতার।

আমি আন্তরিক ধন্যবাদ জানাব প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক এবং আজকের শিক্ষকশিক্ষিকাদের। তাঁরা সত্যিই ছেলেগুলোকে ঠিকভাবে তৈরি করছেন। পড়াশোনায় এবং এই সাংস্কৃতিক ময়দানে। টাকি বয়েজের ঐতিহ্য এঁদের হাতে নিরাপদ, সুরক্ষিত। সহকারী প্রধান শিক্ষক অমিত ছুটছে আয়োজনে। ওদিকে আরেক শিক্ষক অর্ক দুরন্ত তবলায় প্রাণ দিচ্ছে মঞ্চের পারফরমেন্সকে। শিলাদিরা খুদেদের সামলাচ্ছেন। সব মিলিয়ে এক স্বতঃস্ফূর্ত অথচ সুপরিকল্পিত প্রদর্শন, যা একটি স্কুলের গুণগত মান বুঝিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বিশ্বজিতদা, রাজীবদা, অশোক, আমরা, প্রাক্তনী টিব্যাক সদস্যরা সম্মোহিত। কবে কোন কালে বাবা মায়ের হাত ধরে ক্লাস ওয়ানে ভর্তি হতে আসা। ফ্ল্যাশব্যাকে কত মুহূর্ত। আজ আমরা দেখছি, বাংলা মাধ্যমের কোনো হীনমন্যতা নয়; বাংলার ভিতের উপর উঠছে স্মার্ট ইংরেজির পোক্ত কাঠামো; আমাদের নিজস্ব সংস্কৃতির ভিতের উপর বিশ্ব সংস্কৃতির আবাহন; আমাদের মাতৃভূমি টাকি বয়েজ এগিয়ে চলেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। মাথা উঁচু করে।
প্রাক্তণ শিক্ষকশিক্ষিকারা ভিত গড়েছেন গভীরে। আজকের শিক্ষকশিক্ষিকারা নির্মাণ তুলছেন আকাশ ছুঁতে।
স্যালুট তাঁদের।

আমি গর্বিত আমি সরকারি বাংলা মাধ্যম স্কুলের ছাত্র।
এবং, আমি গর্বিত আমি ছিলাম টাকি বয়েজের ছাত্র।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...