Saturday, April 4, 2026

বুথের ভিডিও ফুটেজ নষ্ট হল কীভাবে? বেলডাঙার বিডিওকে  ভর্ৎসনা বিচারপতির

Date:

Share post:

বহরমপুরের বেলডাঙা-২ ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে পুনর্নির্বাচন না হওয়ার মামলায় হাইকোর্টে ধমক খেলেন বিডিও। ওই ব্লকের একটি বুথে পরাজিত সিপিএম প্রার্থী নাসিমা বেগম হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর অভিযোগ, তাঁর এজেন্টদের ভোটের দিন ও গণনার দিন মারধর করে বের কর দেওয়া হয়েছিল। তারপরও বুথে পুনর্নির্বাচন হয়নি। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে। মঙ্গলবার মামলার শুনানিতে সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে ডেকে পাঠানো হয়েছিল হাইকোর্টে।

মঙ্গলবার হাইকোর্টের বেলডাঙা-২ ব্লকের বিডিও জানান, তাঁর দায়িত্বে যে বুথগুলি ছিল, তার মধ্যে দু’টি বুথে পুনর্নির্বাচন করানো হয়েছিল। কিন্তু নাসিমা বেগমের ওই বুথটি সেই তালিকায় ছিল না। কারণ হিসেবে বিডিও জানান, ওই বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা যায়নি। সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি বিডিও-র। সেই কারণেই ওই বুথে পুনর্নির্বাচন করানো সম্ভব হয়নি। কিন্তু বেলডাঙা-২ ব্লকের বিডিও-র এই সাফাইয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট। এখানেই বিচারপতির প্রশ্ন, কীভাবে ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যেতে পারে! তাহলে সিসিটিভি রাখার উদ্দেশ্য কী?

মামলায় সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে মামলায় যুক্ত করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিকে ওই পঞ্চায়েতে আগামী ৮ অগস্ট বোর্ড গঠনের কথা রয়েছে। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বোর্ড গঠন করা হলেও সেই বোর্ডের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার রায়ের উপরে। আগামী ৩০ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এরই পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল হাইকোর্টে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে অনুসন্ধান কমিটির রিপোর্টেও বিডিওকে সাসপেন্ড করার সুপারিশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট দেখার পর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপের জন্য নির্দেশ দিয়েছিল। একক বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও। মামলা ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। শুনানির শুরুতেই বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন করেন, ‘বিচার চাইছেন নিজে! অন্যদের বিচার দিয়েছেন কি?’

দ্বিতীয়ার্ধের শুনানির সময়েও কড়া কড়া প্রশ্ন করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। বিডিওর উদ্দেশে বলেন, ‘সংবিধান আপনাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল। আপনি সেটা পালন করেননি। আপনি শপথ নিয়েছিলেন। সেটা রক্ষা করার কর্তব্য নয় আপনার? আপনার বিরুদ্ধে প্রতারণার (চিটিং-এর) অভিযোগ আছে।’ এদিন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও সংক্রান্ত মামলায় একক বেঞ্চের নির্দেশের উপর আপাতত কোনও হস্তক্ষেপ করা হবে না। মামলাটি আবার বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেই ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। সঙ্গে ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিয়েছে, মামলায় চূড়ান্ত রায় একক বেঞ্চই দেবে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...