Saturday, June 13, 2026

সংবাদমাধ্যমের থেকে ক্ষতিপূরণ চান না, মানহানি মামলায় আদালতকে জানালেন মহুয়া

Date:

Share post:

টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন রাখার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের(Mahua Moitra) বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি(BJP) সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের পাশাপাশি একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ(TMC MP)। সেই মামলাতেই মঙ্গলবার দিল্লি হাইকোর্টে(Delhi High Court) মহুয়ার আইনজীবী জানালেন, সংবাদমাধ্যমগুলির উপর করা মানহানির মামলায় কোনও ক্ষতিপূরণ চান না মহুয়া। যদিও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের বিরুদ্ধে করা মানহানি মামলা জারি থাকবে বলে জানান তিনি।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠার পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরব হন মহুয়া মৈত্র। তাঁর দাবি ছিল, কয়েকটি সংবাদমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ করে তাঁকে আগে থেকেই দোষী ঠাওরানো হচ্ছে। যে কারণে সম্মানহানি হচ্ছে তাঁর। নিশিকান্ত এবং জয়ের পাশাপাশি সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধেও মানহানির মামলা করেন মহুয়া। সেই মামলাতেই সংবাদমাধ্যমগুলির থেকে তাঁর কোনও দাবিদাওয়া নেই বলে মঙ্গলবার আদালতে জানালেন তৃণমূল সাংসদের আইনজীবী। এরপর সংবাদ সংস্থা ‘এএনআই’-এর আইনজীবী জানান, যেহেতু মহুয়া সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে মানহানির জন্য কোনও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন না, তাই মামলাটি সংশোধন করা উচিত। এর পরই আদালতের তরফে মহুয়ার আইনজীবীকে মামলার মেমো সংশোধন করতে বলা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ ডিসেম্বর।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে টাকা এবং উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সংসদে প্রশ্ন করার জন্য শিল্পপতি হীরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং দামি উপহার নিয়েছেন মহুয়া। এ নিয়ে তদন্তের দাবি তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন নিশিকান্ত। এহেন অভিযোগের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। লোকসভার এথিক্স কমিটি ইতিমধ্যে নিশিকান্ত ও জয়কে ডেকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছে। আগামী ২ নভেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহুয়াকে। এদিকে এই ঘটনায় নিশিকান্ত ও জয়ের বিরুদ্ধে পাল্টা মানহানীর মামলা করেন তৃণমূল সাংসদ পাশাপাশি মোট ১৫টি সংবাদমাধ্যমকেও সেই মামলায় পক্ষ করা হয়েছিল। তাঁকে নিয়ে অপমানজনক পোস্ট শেয়ার করতে দেওয়ার জন্য এক্স (সাবেক টুইটার), গুগ্‌ল এবং ইউটিউবকেও দুষেছিলেন মহুয়া। তবে মঙ্গলবার সেই সমস্ত সংবাদমাধ্যমকে কার্যত স্বস্তি দিলেন সাংসদ।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...