সাংবাদিকতায় ফের শ্রেষ্ঠ হয়ে উঠল ভারত। সাংবাদিকতায় সাফল্যের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন দেশের ৫ চিত্র সাংবাদিক। ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরের জনজীবন তুলে ধরেন তিন চিত্রসাংবাদিক। অ্যাসোসিয়েট প্রেসের কর্মরত তিন চিত্রসাংবাদিক চান্নি আনন্দ, মুখতার আহমেদ ও দার ইয়াসিন কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরার জন্য


ফিচার ছবির বিভাগে পুলিৎজার পেলেন। তাঁরা ছাড়াও এই পুরস্কার পাওয়ার তালিকায় রয়েছেন আরও দুই ভারতীয় চিত্র সাংবাদিক। রয়টার্সে কর্মরত আদনান আবিদী ও অনুশ্রী ফড়নবিশ হংকংয়ের প্রতিবাদের ছবির জন্য ‘ব্রেকিং নিউজ’ বিভাগে পুলিৎজার পেয়েছেন।

গত বছর আগষ্ট মাসে সংসদের অধিবেশনে ৩৭০ ধারা বাতিল করা হয়। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ব্যবস্থা। বিছিন্ন হয়ে যায় সব রকম যোগাযোগ। অঘোষিত লক ডাউনের চেহারা নেয় ভূস্বর্গ। সেই দৈনন্দিন চিত্রই নিজেদের ক্যামেরায় তুলে এনেছিলেন চিত্র সাংবাদিক চান্নি আনন্দ, মুখতার আহমেদ ও দার ইয়াসিনরা।


কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতিতে ক্যামেরা হাতে কাজ করেছিলেন তাঁরা। ইয়াসিন জানান, কখনও অপরিচিত মানুষের বাড়িতে রাত কাটাতে হয়েছে। কখনও আবার সবজির ব্যাগের মধ্যে ক্যামেরা লুকিয়ে কাজ করতে হয়েছে।
মুখতার আহমেদ জানান, কাশ্মীরের ছবি তুলে তা কাশ্মীরের বাইরে পাঠানো রীতিমতো চ্যালেঞ্জ ছিল। কারোর মারফত মেমোরি কার্ড, ড্রাইভগুলি দিল্লির অফিসে পাঠাতে হতো।


