বাগুইআটির অপহরণ ও জোড়া খুনকাণ্ডে শেষমেশ গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার হয় সত্যেন্দ্র। ট্রেনে ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র তার আগেই তাকে ধরে ফেলেন বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীরা। প্রথমে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সত্যেন্দ্রর গ্রেফতারিতে খুশি মৃত দুই ছাত্রের পরিবার। কঠোর শাস্তির দাবি করেন দুই পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:“অপরাধ করে কেউ ছাড় পায়নি”, বাগুইআটিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বললেন ফিরহাদ

বাগুইআটির দুই ছাত্র অতনু এবং অভিষেককে হত্যার ঘটনায় সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ একটি দল হাওড়া স্টেশনে পৌঁছয়। সাদা পোশাকে তারা সেখানে হাজির ছিল। স্টেশনে সত্যেন্দ্র পৌঁছতেই তাঁকে পাকাড়াও করে পুলিশ। তাকে বিধাননগর কমিশনারেটে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে তোলার আগে দফায় দফায় জেরা করা হবে।

প্রসঙ্গত, বুধবারই মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বাগুইআটির জোড়া খুনকাণ্ডের তদন্তভার নিয়েছিল রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডি। বৃহস্পতিবার সকাল থেকে তারা তদন্ত শুরু করে। সত্যেন্দ্র যে হোটেলে বসে খুনের পরিকল্পনা শুরু করেছিল, সেখানে তল্লাশি অভিযান চালায়। পরীক্ষা করা হয় খুনের জন্য ব্যবহার করা গাড়িটিকেও। অন্যদিকে, সত্যেন্দ্র পাকা ক্রিমিনালের মতো বারবার সিম কার্ড বদলানোয় তার হদিস পেতে তদন্তকারীদের বেশ বেগ পেতে হয়। তবে তদন্তকারীরা জানতে পারেন হাওড়া থেকে পালানোর ছক কষছে সত্যেন্দ্র। তাই এদিন সকাল থেকেই স্টেশন চত্বর ঘিরে ফেলে পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে।












