হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। সদ্য হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। এমনকি সেই কর্তা এক সংবাদমাধ্যমের কাছে ক্ষোভপ্রকাশও করেছেন জাদেজার চোট পাওয়া ধরন নিয়েও।


এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, “স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলা করছিল জাদেজা। সেটা অনুশীলনের অংশ ছিল না। কোনও দরকারই ছিল না ওটা করার। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায়। তাতেই হাঁটুতে লাগে জাদেজার। এতটাই বড় চোট হয়ে গেল যে অস্ত্রোপচার করতে হল।”
সেই কর্তার দাবি, আসন্ন টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে না জাদেজাকে। এই নিয়ে তিনি বলেন,”কোচ রাহুল দ্রাবিড় শান্ত রয়েছেন। এটা অবাক করে দিয়েছে আমাকে। এই ঘটনায় দ্রাবিড়ও প্রশ্ন তুলেছিল। শেষ কথা, টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার।”

আরও পড়ুন: শতরানের পর রোহিতের সঙ্গে আড্ডায় মাতলেন বিরাট, শর্মাজির শুদ্ধ হিন্দি শুনে হেসে ফেললেন কোহলি



















