Friday, April 24, 2026

রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি! বাংলার ‘বাঘিনী’ মমতার পাশে দাঁড়িয়ে তোপ কীর্তি আজাদের

Date:

Share post:

বাংলার বকেয়ার দাবিতে রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লাগাতার ৪৮ ঘণ্টার ধর্নামঞ্চে শুধু তৃণমূল (TMC) নেতৃত্বও নয়, রাজ্যের বাইরের থেকে অন্যদল বা অরাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শনিবার, ধর্নামঞ্চে উপস্থিত হন প্রাক্তন ক্রিকেটর তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কীর্তি আজাদ (Kriti Azad)। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই গেরুয়া শিবিরকে তুমুল আক্রমণ করলেন প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ। রামমন্দির ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন তিনি।

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটদলের খেলোয়াড় কীর্তি (Kriti Azad) সেই উদাহরণ তুলে বলেন, “আমিও বিজেপি করতাম। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথমবার যখন বিশ্বকাপ জিতেছিলাম, সেই দলে হিন্দু, মুসলমান, শিখ সকলে ছিল। কোনও জাত পাতের ভেদাভেদ ছিল না।“ এরপরেই রামমন্দিরে বিজেপির লোকসভা নির্বাচনের অ্যাজেন্ডা করার তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ। বলেন, “এখন দেশে বিজেপি জাতপাতের রাজনীতি চলছে। আমি সীতার দেশের লোক। আমার থেকে রাম সীতা কে ভালো বোঝে? এরা মহিলাদের কথা বলে কিন্তু সীতার সম্মান দেয় না। জয় সিয়া রাম বলে না।“

রামমন্দির উদ্বোধনে শঙ্করাচার্যদের আপত্তির প্রসঙ্গ তুলে কীর্তি আজাদ জানান, তিনি নিজেও সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। তাঁর কথায়, “আমাদের সনাতন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে সমস্ত রং রয়েছে। আমি প্রকৃত হিন্দু হলে সকল ধর্মের মানুষকে সম্মান করবো। শঙ্করাচার্যরা রামমন্দিরের উদ্বোধনে আপত্তি জানিয়েছিলেন বলে, তাঁদের বিরুদ্ধাচরণ করেছে। বিজেপি রামমন্দিরের নামে রাজনৈতিক কর্মসূচি করেছে।“

তৃণমূল সভানেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের- জানান কীর্তি আজাদ। বলেন, “দিদির সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। উনি যখন সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সংসদে এসেছিলেন তখন আমার বাবা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। দিদিকে দেখেই বাবা বলেছিলেন অনেক দূর যাবে। দিদি হলেন বাঘিনী।“

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...