লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force in Loksabha election) মোতায়েনের আগে রাজ্যের বিধানসভা কেন্দ্র ধরে ধরে ভোট পরবর্তী হিংসার তথ্য চাইলো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে সিইও-কে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যেসব জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ এসেছিল সেই সমস্ত এলাকার নাম এবং সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে কমিশনকে।


এবারের লোকসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। বুধবারই রাজ্যে আসেন বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। সেই বৈঠকেই পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে তথ্য চেয়েছেন বলে সূত্র মারফত খবর মিলেছে। এমনকি তিন দফা প্রশ্ন তিনি সিইও-এর হাতে তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। দুপুর তিনটের মধ্যেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ পর্যবেক্ষক যে প্রশ্নমালা তৈরি করেছেন তাতে রয়েছে মূলত তিনটি প্রশ্ন।
১) কোন বিধানসভার কোন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে?
২) কোথায় ভোট দিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ এসেছে?
৩) কোন বিধানসভার কোন কোন বুথে এক বা একের বেশি রাজনৈতিক দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে নালিশ জমা পড়েছে?
বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে এই প্রশ্ন পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উত্তর পাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।











