কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শিক্ষামিত্ররা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। যে বেতন আটকে রয়েছে, তা ফেরত দিয়ে দিতে হবে রাজ্যকে।শুক্রবার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর নির্দেশ বহাল রাখল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পিছিয়ে পড়া, স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের। তারা মাসিক ২৪০০ টাকা করে ভাতা পেতেন। তবে, ২০১৩ সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেন।

এর পর ২০১৪ সালের এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য সরকার। ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসরের কথাও জানিয়ে দেওয়া হয়। রাজ্যের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় শিক্ষামিত্রদের একাংশ। ২০২৩ সালের ২৬ এপ্রিল রাজ্যের আবেদন খারিজ করে দেয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর সিঙ্গল বেঞ্চ। বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এ দিন সেই আবেদনও খারিজ করে দেওয়া হল।হাইকোর্টের নির্দেশ, বকেয়া বেতন মিটিয়ে ওই সব শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে রাজ্যকে।
–

–

–

–

–

–
–
–
–
–
–
