Sunday, June 28, 2026

৪৭ জনের স্টিয়ারিং কমিটি গড়লেন কংগ্রেস সভাপতি খাড়গে, বাংলা থেকে একমাত্র অধীর

Date:

Share post:

সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদে বসার পরই দলের সাংগঠনিক রদবদল শুরু করলেন মল্লিকার্জুন খাড়গে। ওয়ার্কিং কমিটির কাজ চালানোর জন্য ৪৭ সদস্যের নতুন স্টিয়ারিং কমিটি তৈরি করেছেন তিনি। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে শুধু ঠাঁই হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এই কমিটিতে জায়গা হয়নি সভাপতি ভোটে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরের।

আরও পড়ুন:“খাড়গেকে ভোট দিন”, কংগ্রেস সভাপতি নির্বাচনে তৃণমূল নেতা প্রণব পুত্রের টুইটে বিতর্ক

কংগ্রেসের দলীয় সংবিধানের ২৫ (বি) ধারা অনুযায়ী গঠিত এই কমিটি আপাতত ওয়ার্কিং কমিটির বিকল্প হিসাবে কাজ করবে বলে এআইসিসি’র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাড়গে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরই বুধবারই আগের ওয়ার্কিং কমিটির সব সদস্য ইস্তফা দেন। এরপর ঘোষিত হয় স্টিয়ারিং কমিটি। সাধারণ ভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ২৩ জন সদস্য থাকেন। স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকেন ২৪ জন। ৪৭ জনের নয়া স্টিয়ারিং কমিটি সেই ভূমিকা পালন করবে।

৪৭ সদস্যের স্টিয়ারিং কমিটিতে দুই প্রাক্তন সভাপতি গান্ধী পরিবার থেকে সোনিয়া এবং রাহুলের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কাও। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, একে অ্যান্টনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম, পবনকুমার বনসল, মীরা কুমার, অভিষেক মনু সিঙ্ঘভি, অম্বিকা সোনি, ভক্তচরণ দাস, সলমন খুরশিদের মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতা-নেত্রীরা।

অন্যদিকে, কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রী, রাজস্থানের অশোক গেহলট এবং ছত্তীশগড়ের ভূপেশ বাঘেলের জায়গা হয়নি কমিটিতে। তবে হরিশ রাওয়ত, উম্মেন চান্ডি, লালথানহাওলার মথো প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন কমিটিতে।

পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেসের পর্যবেক্ষক তথা তামিলনাড়ুর সাংসদ এ চেল্লাকুমারও রয়েছেন খাড়গের নতুন কমিটিতে। রণদীপ সিংহ সূরজেওয়ালা, অজয় মাকেন, জিতেন্দ্র সিং, কুমারী শেলজা, মণিকম টেগোররা কমিটিতে এলেও ঠাঁই হয়নি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা রাহুল গান্ধী ঘনিষ্ঠ শচীন পাইলটের। আবার খুব তাৎপর্যপূর্ণভাবে রাজীব শুক্লার পাশাপাশি কংগ্রেসের “বিদ্রোহী জি-২৩” শিবিরের নেতা আনন্দ শর্মা ঢুকে পড়েছেন কমিটিতে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...