অসমে ভয়াবহ দুর্ভোগের পর একটু আশার আলো দেখছিল বিপর্যস্তরা। কিন্তু ফের ভারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী তিনদিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আলাদা করে রাজ্যের তিনসুকিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বন্যার জেরে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। শেষ একদিনে আরও তিন জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
অসমের বিশাল বিপর্যয়ে এখনও জলমগ্ন সাতটি জেলা। ৫৫০-৫৬০ টি গ্রাম এখনও জলের তলায়। বিপুল পরিমানে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের এই বিপর্যয়ের কারণ ছিল নাগাল্যান্ডের অতিবৃষ্টি। সরকারের বক্তব্য ছিল, মোকোকচুং-এ অস্বাভাবিক বৃষ্টিপাত। বৃষ্টিপাত কমা শুরু করলেও এরমধ্যেই মৌসম ভবনের পূর্ভাবাস, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে নতুন করে বৃষ্টির সতর্কতা জারি করেছে। ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নতুন করে এই তিন রাজ্যে বন্যার ও ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।











