অসমের (Assam) জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের (Popular artist Zubeen Garg) নাম এবার জায়গা করে নিল উদ্ভিদবিজ্ঞানের পাতায়। শিলংয়ে আবিষ্কৃত আদা পরিবারের এক নতুন ফুলের প্রজাতির নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’ (Hedychium zubeengargianum)। ভারতের বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Botanical Survey of India) ইস্টার্ন রিজিওনাল সেন্টারের (Eastern Regional Centre) গবেষকেরা এই নতুন প্রজাতির স্বীকৃতি দিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের প্রকৃতি ও সংস্কৃতির যোগসূত্রকে সম্মান জানাতেই এই নাম বেছে নেওয়া হয়েছে।

এই আবিষ্কারের নেপথ্যে রয়েছে দীর্ঘ গবেষণা। শিলংয়ের বোটানিক্যাল গার্ডেনে বহু বছর ধরে থাকা একটি উদ্ভিদ গবেষকদের নজর কেড়েছিল। দীর্ঘদিনের বিস্তারিত পর্যবেক্ষণ, গঠনগত বিশ্লেষণ এবং অন্যান্য প্রজাতির সঙ্গে তুলনা করে স্পষ্ট হয়, এটি বিজ্ঞান জগতের কাছে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। জানা গিয়েছে, অন্তত ২০১৮ সাল থেকে গাছটি ওই বাগানে ছিল, তবে তার উৎস আজও অজানা।

নতুন প্রজাতিটির কয়েকটি বৈশিষ্ট্যই একে অন্যদের থেকে আলাদা করেছে। ক্রিম-সাদা সুগন্ধি ফুল, হলুদ রঙের পরাগধানী, ঘন লোমযুক্ত ফুলের ডাঁটা এবং এপ্রিল থেকে মে মাসে ফুল ফোটার বৈশিষ্ট্যের ভিত্তিতেই এটিকে Hedychium gracile এর থেকে পৃথক নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। 

উল্লেখযোগ্য বিষয়, চলতি বছরেই জুবিন গর্গের নামে এটিই তৃতীয় নতুন প্রজাতি। এর আগে মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত Osbeckia zubeengargiana নামে একটি ফুলগাছ এবং অরুণাচল প্রদেশে পাওয়া Euthalia zubeengargi নামে একটি নতুন প্রজাপতির নামও তাঁর নামে রাখা হয়েছে। ফলে জীববৈচিত্র্যের গবেষণায় উত্তর-পূর্ব ভারতের এই শিল্পীর নাম আরও একবার স্থায়ীভাবে জুড়ে গেল।