বেআইনিভাবে রক্ত পাচার, অনিয়ম ও গাফিলতির অভিযোগে রাজ্যের ১১ টি ব্লাড ব্যাঙ্কের উপর কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। রক্ত সংকটকালীন পরিস্থিতিতে রোগীদের জীবন মৃত্যুর সমস্যার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একদিকে যেমন জানানো হয়েছে তদন্তে অসহযোগিতা করলে ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে, পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলেও বুধবার জানিয়ে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও (Krishna Rao)। 

এদিন শুনানিতে মামলাকারি ব্লাড ব্যাঙ্কগুলির তরফে বলা হয় রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে তাতে ভুল তথ্য দেওয়া হয়েছে। টারেজা এবং রানিগঞ্জের ব্লাড ব্যাঙ্কে আদতে কোনও আধিকারিক পরিদর্শনেই যাননি। পাশাপাশি ব্লাড কন্ট্রোল ইনফেকশনের রিপোর্টের স্বপক্ষে নথি প্রকাশ্যে আনার দাবি করেন তারা। পাল্টা রাজ্যের তরফ থেকে বলা হয়, অভিযুক্ত ব্লাড ব্যাঙ্কগুলি সরকারি আধিকারিকদের সঙ্গে তদন্তের সহযোগিতা করছে না।এরপরই আদালতের স্পষ্ট নির্দেশ ,স্বাস্থ্য দফতরের তদন্তকারীদের সমস্ত রকম সাহায্য করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলি। সমস্ত জরুরি ফাইলপত্র তাঁদের কাছে জমা দিতে হবে। কোন ব্লাডব্যাঙ্ক পরিদর্শনের কোন আধিকারিক যাচ্ছেন তা নথিভুক্ত করতে হবে রেজিস্ট্রারে। আগামী ৭ দিনের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার পুরো রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি।