পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া সুইসাইড নোট ফরেনসিকে পাঠানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই ঘটনাকে "অত্যন্ত বেদনাদায়ক" বলেও দুঃখপ্রকাশ করার পাশাপাশি মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল। পুলিশের তরফ থেকে কোনওদিন হয়রান করা কিংবা কোনও নোটিশ পাঠানো হয়নি।
নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বর্ষীয়ান নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিজেপির দিকে আঙুল তুলেছেন। নিরপেক্ষ তদন্তের দাবি করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা রাজ্যের বিরোধী দলকে নিশানা করে শুভেন্দুর বক্তব্য, 'নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কমিটি থেকে পদত্যাগ করে দূরত্ব বজায় রেখেছিলেন আশিসবাবু। তাই তৃণমূলের কোনও দুর্নীতিগ্রস্ত লোক ওঁর নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছিল কিনা ফোনের কল রেকর্ড পরীক্ষা করলে তা স্পষ্ট হবে।' সুইসাইড নোট মৃতের নিজের হাতে লেখা কিনা তা পরীক্ষা করতে ফরেনসিকে পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'উনি একজন অত্যন্ত মার্জিত ও শিক্ষিত মানুষ ছিলেন। বিধানসভাতেও আমি একাধিকবার ওনার সততার কথা বলেছি।' এমনকি শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর আশিস বন্দ্যোপাধ্যায় যে তাঁকে শুভেচ্ছা জানিয়ে কলকাতায় দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সে কথা উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালের ফোন থেকে তিনি প্রয়াত বিধায়কের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। খুব তাড়াতাড়ি সশরীরে গিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখাও করবেন শুভেন্দু।










