বিলবোর্ড-কাণ্ডে হাজিরার নোটিশ মধ্যেই ফের ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের অফিসে (Camac Street Office) পুলিশ ও দমকল। সোমবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দফতরে পৌঁছন শেক্সপিয়র সরণির পুলিশ আধিকারিক ও দমকল আধিকারিকরা। ভবনের বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত সব ফ্লোরের কোণা কোণা খুঁটিয়ে দেখেন আধিকারিকরা।

 

তারাপীঠ ও নিউ মার্কেটের হোটেলে (Hotel) অগ্নিকাণ্ডের পরে রাজ্যজুড়ে বিভিন্ন বাণিজ্যিক ভবনের ফায়ার অডিট খতিয়ে দেখছে দমকল (Fire Fire Brigade)। এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসেও অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় দমকল। দমকলের অনুমোদন না নিয়ে ভবনের প্রবেশপথের সামনে একটি শেড তৈরি হয়েছে বলে প্রাথমিক পরিদর্শনের পর অভিযোগ দমকলের। 

 

শেক্সপিয়র সরণি থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটের ওই ভবনে যান দমকল আধিকারিকেরা। প্রথমেই ভবনের বাইরের অংশ ঘুরে দেখেন তাঁরা। পরে যান ভবনের প্রত্যেক তলায়। ওই ভবনের সাত এবং আট তলায় রয়েছে অভিষেকের অফিস। 

 

ভবনটি তৈরির সময় যে পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল, তার বাইরে কোনও ‘অবৈধ’ নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। বাইরের একটি শেড নিয়ে আপত্তি জানান তাঁরা। ওই ভবনের বেসমেন্টেও পৌঁছে যান আধিকারিকেরা। সেখানে পার্কিং লটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তাও ঘুরে দেখেন আধিকারিকেরা।

 

 


দমকল আধিকারিক মনোজ বাগের কথায়, ”ফায়ার-অডিট করা হচ্ছে। আমরা সবটাই খতিয়ে দেখছি। এই বিল্ডিংয়ের সব তলায় গিয়ে সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখা হবে। আমাদের প্ল্যান অনুযায়ী বানানো হয়েছে কি না, সেটাই দেখা হচ্ছে। নকশার বাইরে কোনও অংশ পরে তৈরি করা হয়েছে কি না, তা দেখে নেওয়া হবে।” অগ্নিনির্বাপণ ব্যবস্থার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়।