মহিলাদের বাসে বিনামূল্যে (Free ticket) ভ্রমণের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, এবার তাতে আমূল কোপ বসানো হচ্ছে। ১ অগাস্ট থেকে আর বাসে উঠলেই মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন না। বিনামূল্যে সফরের সুবিধা পেতে গেলে লাগবে বিশেষ 'পিঙ্ক কার্ড' (Pink Card)। আর সেই কার্ড পাওয়ার ক্ষেত্রেও জুড়ে দেওয়া হয়েছে যোগ্যতার একগুচ্ছ কঠিন শর্ত। অর্থাৎ, প্রমাণ করতে হবে উপভোক্তা এই সুবিধার যোগ্য কি না। বিজেপির এই দ্বিচারিতা এবং ইউ-টার্ন নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে যোগ্য মহিলারা কবে এই পিঙ্ক কার্ড (Pink Card) হাতে পাবেন, এই কার্ড পেতে গেলে আরও কী কী বেড়াজাল পেরোতে হবে তাঁদের তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়। যতদিন না পিঙ্ক কার্ড মিলছে ততদিন কি আদৌ তারা আর ফ্রিতে যাতায়াত করতে পারবেন? তাই নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: মাস ঘুরলেও ঢুকছেনা অন্নপূর্ণা-র টাকা! জাতীয় সড়ক বন্ধের হুঁশিয়ারি
সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মহিলারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের প্রশ্ন, বাসে ওঠার সময় জরুরি ভিত্তিতে কীভাবে একজন মহিলা তাঁর যোগ্যতার প্রমাণ পকেটে নিয়ে ঘুরবেন? এই পিঙ্ক কার্ড পাওয়ার জন্য আবার কোন কোন সরকারি দফতরের চক্কর কাটতে হবে, তা নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আমজনতার বক্তব্য, এটি আদতে প্রতিশ্রুতি রক্ষা না করার একটি সুপরিকল্পিত অজুহাত মাত্র।










