ডিজে (DJ) মামলায় চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)! খারিজ হয়ে গেল দ্রুত শুনানির আর্জি। তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি (CID), সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা মামলায় ফের ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার এই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) জানিয়ে দিলেন, আগামী মঙ্গলবারের আগে তিনি এই সংক্রান্ত কোনও আবেদন শুনবেন না।
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী প্রচারে 'ডিজে’ বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। তদন্তে নেমে তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য বিধাননগর আদালতে আবেদন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। আদালত অনুমতি দিতেই অভিষেক সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর কথায়, ওই কণ্ঠস্বর যে তাঁর সেটা তিনি কখনই অস্বীকার করেননি। তাহলে নমুনা সংগ্রহ করতে হবে কেন? কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি ঘোষ জানিয়ে দেন, তদন্তে কী প্রয়োজন হবে, কী নয়, তা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।আগামী বুধবার অর্থাৎ ৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেককে হাজিরা নির্দেশ দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির জন্য বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু এদিন বিচারপতি জানান, মঙ্গলবারের অর্থাৎ ৭ জুলাইয়ের আগে কোনও আবেদন তিনি শুনবেন না।










