মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগে এবার অপসারিত যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তী (Amitabha Chakraborty) সাসপেন্ড। ২ জুলাই তাঁকে সাসপেন্ড করেছে লালবাজার। বর্তমানে অমিতাভ কলকাতা পুলিশের (KP) সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত ছিলেন।পাশাপাশি, তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে সোশ্যাল মিডিয়াতে অশালীন মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের ডিসি (পোর্ট)-২  পার্থপ্রতিম দাস এবং ডিসি (নর্থ)-৩ বিধান সাহাকে সাসপেন্ড করেছে লালবাজার।

ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে মার্চ মাসের শুরুতে যাদবপুর থানার ওসির সরকারি গাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। নির্যাতিতা ওসির হাত থেকে নিজেকে বাঁচাতে কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করেন। অভিযোগ গুরুতর হওয়ায় রাতারাতি থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অমিতাভ চক্রবর্তীকে। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। সূত্রের খবর, বেলেঘাটা থানায় কর্মরত থাকার সময়ে এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। অভিযোগ, সেই সময় ওই মহিলাকে তিনি নিগ্রহ এবং নির্যাতন করেন। সেই ঘটনাতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।