দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ইন্ডিয়া’ শিবিরের বিক্ষোভে সরব তৃণমূল কংগ্রেস। আর সেই সময়ে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা তৃণমূলের অফিস ঘিরে পরপর প্রশাসনিক তৎপরতা। বুধবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে পৌঁছেছিল পুলিশ। আর শুক্রবার আবারও ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূলের কার্যালয়ে হাজির দমকলের আধিকারিকরা। আগের পরিদর্শনে দেওয়া অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে NOC সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে দমকল।

ক্যামাক স্ট্রিটের বহুতলে তৃণমূলের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেও একাধিক প্রশ্ন তুলেছিল দমকল। আগের পরিদর্শনে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ঘাটতি চিহ্নিত করা হয়েছিল। আগুন লাগলে তা দ্রুত শনাক্ত করার ব্যবস্থা, আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম এবং বিপদের সময় নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ- সহ একাধিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছিল অফিস কর্তৃপক্ষকে।

কিন্তু শুক্রবার ফের পরিদর্শনে গিয়ে দমকল আধিকারিকদের দাবি, আগেরবার দেওয়া নির্দেশ অনুযায়ী কাজের কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাঁদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সমস্যাগুলি সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। বহুতলের সাত ও আট তলায় অবস্থিত অফিসের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েই এই পরিস্থিতি সামনে আসে। স্বাভাবিকভাবেই, বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।

এবার দ্রুত সমস্ত ত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্ধারিত কাজ শেষ করে দমকলের NOC বা অনাপত্তি শংসাপত্র সংগ্রহ করতে হবে। দমকলের তরফে জানানো হয়েছে, দ্রুত নির্দেশ পালন না করা হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হতে পারে। ফলে আগামী দিনে অফিস কর্তৃপক্ষের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর।