মহালয়ার আগের দিনে রোদের তেজ কম হলেও ভ্যাপসা গরম অব্যাহত। তবে বঙ্ঘে আবহাওয়ার পরিস্থিতি বদল হতে পারে। আজ (শুক্রবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
পুজোর মুডে ঢুকে পড়েছে বাঙালি। দেবীপক্ষ শুরুর আগেই ফের বৃষ্টির অশনি সংকেত। বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও বৃষ্টির বিরাম নেই। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রপাত।
পুজোর আগে শেষ রবিবার কেনাকাটা করতে হলে্ ছাতা রাখা আবশ্যিক। তবে মহালয়ার পর থেকে বৃষ্টি কিছুটা কমবে।
এখানেই শেষ নয়, আন্দামানে রবিবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে ফের বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী এলাকায়।রবিবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে তার অভিমুখ কোন দিকে থাকবে, কতটা শক্তিশালী হয়ে উঠবে সে। তবে আগামিকাল শনিবার, অর্থাৎ মহালয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া।
আজ শহরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায়।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।















