বাংলায় তিনদিনের ঠাসা কর্মসূচিতে সেভাবে দলীয় সাংগঠনিক বৈঠক করতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার উত্তরবঙ্গে সীমান্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সীমান্তে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার তিনি দিল্লি (Delhi) ফিরে যাওয়ার পরেই কোর কমিটির বৈঠকে বসছেন শুভেন্দু। সন্ধেয় তাঁর বিধাননগরের বাড়িতেই বসবে বৈঠক।
বিজেপি সূত্রে খবর, শাহের কলকাতা (Kolkata) ছাড়ার পরেই বিধাননগরে (Bidhanbagar) শুভেন্দুর বাড়িতে বসবে গুরুত্বপূর্ণ বৈঠক।শুভেন্দু ছাড়া থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, দুই সাংগঠনিক সম্পাদক- অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধোন্ড। এ ছাড়াও থাকবেন পাঁচ সাধারণ সম্পাদক— লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী ও বাপি গোস্বামী। সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল, রাজনীতিক ও সহকারি পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্য।
উত্তরবঙ্গের সফর সেরে শনিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন শাহ। আলিপুরের সরকারি ভবন সৌজন্যে রয়েছেন তিনি। এদিন তিনটি সরকারি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে সৌজন্যেই আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। দুপুরে জাতীয় গ্রন্থাগারে নবনির্মিত সংগ্রহশালার উদ্বোধন করবেন। সেখান থেকেই শাহ যাবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমূল কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। তারপরেই দিল্লি ফিরে যাবেন শাহ।
শাহকে বিমানবন্দরে পৌঁছে দিয়েই রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসবেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, শাহের প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্দেশগুলি পালনে কীভাবে এগোতে হবে, মূলত সেই বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হবে।










