বাবার মৃত্যুর পর বিবাহবিচ্ছেদ হলেও পারিবারিক পেনশন (ফ্যামিলি পেনশন) পাওয়ার অধিকার রয়েছে কন্যার। এক তাৎপর্যপূর্ণ রায়ে এই কথা স্পষ্ট জানিয়ে দিল ত্রিপুরা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পারিবারিক পেনশন সংক্রান্ত বিধিতে এমন কোনও অলিখিত শর্ত চাপানো যায় না যে, সুবিধা পেতে হলে বাবার জীবদ্দশাতেই মেয়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হতে হবে।
আগরতলা পুরসভার এক প্রাক্তন কর্মীর কন্যা উজ্জ্বলা রানি পালের দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত জানায়, আইন অনুযায়ী বাবার মৃত্যুর পরে বিবাহবিচ্ছেদ হলেও সংশ্লিষ্ট কন্যা পেনশন পাওয়ার যোগ্য। সেই সঙ্গে মামলাকারীর বকেয়া পেনশন বার্ষিক ৬ শতাংশ সুদ সমেত দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য আগরতলা পুরসভাকে নির্দেশ দিয়েছে আদালত। নারী অধিকারের সুরক্ষায় হাইকোর্টের এই রায়কে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।











