ছিলেন সাংবাদিক, বিভিন্ন সংবাদ মাধ্যম ঘুরে শেষে চাকরিতে ইস্তফা দিয়ে শুরু করেছিলেন নিজের ইউটিউব চ্যানেল। ইউটিউবার হয়ে ক্রমাগত বিগত তৃণমূল সরকার এবং  শাসক দলকে নিশানা করে গিয়েছেন মানব গুহ। তার পুরস্কারও পেয়েছেন। গত কয়েক মাস আগে রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়। দলে যোগদান না করে টিকিট পাওয়া একমাত্র প্রার্থী এই মানব গুহই।

 কিন্তু তাঁর টিকিট পাওয়া স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ভালোভাবে মেনে নিতে পারেননি কারণ বিধায়ক হওয়ার পর থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁর উপর অগ্নিশর্মা! অভিযোগ খোদ বিধায়কের। আর সেই অভিযোগ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে এবার খোদ সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ অন্যান্যদের ট্যাগ করে এক লম্বা পোস্ট করেছেন মানব।

 সেই পোস্টে তাঁর অভিযোগ, কয়েক মাস আগে নির্বাচনে যে তৃণমূল নেতা মানবের কথায় তিনি অভিযুক্ত এবং দুর্নীতিগ্রস্ত সেই তৃণমূল নেতা বর্তমানে বিজেপি নেতৃত্বের উস্কানিতে তাঁর বিরুদ্ধে অর্থাৎ মানবের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব নাকি অর্থের বিনিময়ে এই তৃণমূল নেতাকে বিধায়কের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন।

 নির্বাচনের জিতে ক্ষমতায় আসার পরেও বিজেপির গোষ্ঠী কোন্দল থামছে না। আদি নব্যের লড়াই অব্যাহত। আবার কখনও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন জয়ী প্রার্থীরা। রাজনৈতিক মহলের মতে, নিজেদের দলে উপযুক্ত প্রার্থী না পেয়ে ভিন্ন মাধ্যম থেকে হঠাৎ করে যোগ দেওয়া কয়েকজনকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে বিজেপি। তার ফলেই ক্ষুব্ধ  মাটি আঁকড়ে পড়ে থাকা নেতাকর্মীরা। ফলে নব্য বিধায়কদের সহ্য করতে পারছেন না অনেকেই। ফলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটা বেআব্রু হচ্ছে  সমাজ মাধ্যমে। এখন মানব গুহের এই অভিযোগ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।