কথা দিয়ে কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পালাবদলের রাজ্যে ক্ষমতায় আসার পর শিল্পক্ষেত্রে বিনিয়োগের জোয়ার নিয়ে আসার কথা বলেছিলেন। দেবীপক্ষের চতুর্থী তিথিতে হলদিয়া পেট্রোকেমিক্যালসে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগে তৈরি হওয়া নতুন ইউনিটের উদ্বোধন থেকে বিপুল কর্মসংস্থার আর উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরলেন।শুভেন্দু বলেন, “রাজ্যে শিল্পের জোয়ার কেউ আটকাতে পারবে না। এভাবেই এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। আজ হলদিয়ায় বিরাট বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।” অর্থাৎ রাজ্যে যে এখন শিল্প খরা কাটিয়ে বিনিয়োগের বন্যা আসতে চলেছে নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও পড়ুন: জলপথ পেরিয়ে গঙ্গাসাগরে দুর্গা! চটের তৈরি প্রতিমায় বাংলার লোকশিল্পের ছোঁয়া
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। এদিন প্রথমে সেখানে পৌঁছে সমস্ত ইউনিট ঘুরে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অংশ নেন পুজোতেও। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীকেও দেখা যায়। এদিন মঞ্চ থেকে হলদিয়ার শিল্প মানচিত্রকে আরও সমৃদ্ধ করতে একগুচ্ছ বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানান, হলদিয়া ডেভলপমেন্ট অথোরিটির কাছ থেকে ৯৮ একর জমি নিয়ে পেপসি একটি নতুন প্ল্যান্ট তৈরি করবে। পাশাপাশি, আরও ৫০ একর জমিতে চিকিৎসাসংক্রান্ত যন্ত্রাংশ তৈরির একটি কারখানা গড়বে অন্য একটি সংস্থা। হলদিয়া শিল্প জগতে আগামী এক বছরের মধ্যে আমল পরিবর্তনের ব্যাপারে আশাবাদী সরকার। শুধু তাই নয় রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ভাতা নয় আত্মনির্ভর বাংলা গড়তে হবে। নিজেদের রাজ্যের সম্ভাবনাময় প্রতিভাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর।এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী তাপস রায়, স্বপন দাসগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং-সহ বিশিষ্টজনেরা। ফেনল প্রকল্পের ৬০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পূর্ণেন্দু বলেন, একাধিক প্রকল্পের মাধ্যমে আগামী দিনে দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করাই প্রধান লক্ষ্য। আগামী ২০৪৭ সালের মধ্যে রাজ্যকে শিল্পে সেরা করার জন্য একটা 'প্রমিনেন্ট ক্যাপিটাল ফান্ড'-এর ব্যবস্থা করার প্রস্তাবও রাজ্য সরকারকে দিয়েছেন তিনি।
শুভেন্দু জানান, নতুন প্ল্যান্টের হাত ধরে বিদেশ থেকে পণ্য আমদানি করার নির্ভরতা পুরোপুরি কাটবে। ফলে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আত্মনির্ভর বাংলা গড়ে তোলার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগের মতো কারখানায় তালা ঝোলানো, ইউনিয়নবাজি, তোলাবাজি এই সরকারের আমলে হবে না। শিল্পায়ন এবং কর্মসংস্থান একসঙ্গে এগিয়ে চলবে ডবল ইঞ্জিন বাংলায়।দশ হাজার কোটি টাকার বিনিয়োগ বর্তমানে পাইপলাইনে রয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ হলদিয়ায় বিশ্বমানের ট্রমা সেন্টারের উদ্বোধন হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।















