কেউ মারা গেলে দ্রুত তাঁর ডেথ সার্টিফিকেট (Death certificate) করতে হবে। দেরি হলে নিয়ম হবে আরও কঠিন। আগামী ১ অক্টোবর থেকে দেরিতে মৃত্যুর রেজিস্ট্রেশনে (Death Registration) নতুন নিয়ম চালু হচ্ছে। তাই সময় থাকতেই প্রয়োজনীয় কাজ শেষ করার পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা।

ডেথ সার্টিফিকেট না থাকলে পরবর্তীতে নানা সমস্যায় পড়তে পারেন পরিবারের সদস্যরা। বিমার টাকা, ব্যাঙ্কের আমানত, পেনশন এবং সম্পত্তির কাজের জন্য ডেথ সার্টিফিকেট দরকার হয়। বর্তমানে মৃত্যুর ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হয়। হাসপাতালে মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণত প্রয়োজনীয় তথ্য দেয়। বাড়িতে মৃত্যু হলে পুরসভা বা পঞ্চায়েতে জানাতে হয়। কিছু ক্ষেত্রে অনলাইনেও আবেদন করা যায়। তবে ২১ দিন পেরিয়ে গেলে অতিরিক্ত নথি দিতে হতে পারে। দেরির কারণও জানাতে হবে।

মৃত্যুর এক বছর পেরিয়ে গেলে নিয়ম আরও কঠিন হবে। এক বছর পর, কিন্তু দু’বছরের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হলে জেলা শাসক, মহকুমাশাসক বা অনুমোদিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ লাগবে। মৃত্যুর ঘটনা এবং দেওয়া তথ্য যাচাই করা হবে।

দু’বছরের বেশি সময় পেরিয়ে গেলে Judicial Magistrate First Class বা JMFC-এর নির্দেশ নিতে হবে। অর্থাৎ তখন প্রশাসনিক যাচাইয়ের পাশাপাশি আদালতের অনুমতিরও প্রয়োজন হবে।

প্রয়োজনীয় নথি রাজ্য ও স্থানীয় প্রশাসন অনুযায়ী বদলাতে পারে। সাধারণত হাসপাতাল বা চিকিৎসকের দেওয়া মৃত্যুর কারণের শংসাপত্র, মৃত ব্যক্তির পরিচয়, বয়স বা জন্মতারিখ, মৃত্যুর তারিখ ও স্থান এবং আবেদনকারীর পরিচয়পত্র লাগতে পারে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের আরও কিছু নথিও চাওয়া হতে পারে।