ভয়াবহ বিমান দুর্ঘটনা নাইজেরিয়ায়! দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওন্ডো প্রদেশে ভেঙে পড়ল নাইজেরীয় বায়ুসেনার একটি সামরিক বিমান। বিমানে থাকা ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু—মোট ৩২ জনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। সোমবার দুর্ঘটনাটি ঘটে ইগবোকোডা এলাকায়। নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামোর তথ্য অনুযায়ী, বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মমাফিক মিশনে যাচ্ছিল। যাত্রাপথের মাঝামাঝি বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় সকাল প্রায় ৯টার সময় রাডার থেকে বিমানটির অবস্থান হারিয়ে যায়।

পরে ইগবোকোডার নৌঘাঁটির কাছাকাছি দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলটি জলাভূমি ও নদীর কাছাকাছি হওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত সমস্যর হয়ে দাঁড়ায়। নাইজেরীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ATR-42। এই ধরনের বিমান অতীতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও বিভিন্ন সামরিক পরিবহণের কাজে ব্যবহার করেছে নাইজেরিয় সেনাবাহিনী। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে তাঁরা খুব জোরে একটা শব্দ শুনেছিলেন। এরপর বিমানটি নীচে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলের আশপাশে বিমানের ধ্বংসাবশেষও ছড়িয়ে পড়ে। 

এই মর্মান্তিক দুর্ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বিমান ভেঙে পড়ার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নাইজেরিয় বায়ুসেনা।