নিশ্চিত হাইজ্যাক থেকে যেভাবে যাত্রীবাহী ফ্লাই দুবাইয়ের বিমানকে বাঁচিয়ে সফল অবতরণ করিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার (Smit Machchhar)। তাঁর সেই সাহসী পদক্ষেপকে সম্মান জানিয়ে এবার ইজরায়েলের সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। স্মিতকে 'হিরো' সম্মোধন করে শনিবার তাঁর সঙ্গে ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানালেন নিজের দেশে আসার জন্য। পাশাপাশি তাঁকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) আগামী বছর তাঁর দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছেন নেতানিয়াহু।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের বিমানের উড়ানের কিছুক্ষণের পরই মাঝ আকাশে ককপিটে ঠিক কী ঘটেছিল তা প্রায় পুরোটাই নেতানিয়াহুকে বর্ণনা করেন চিকিৎসাধীন ভারতীয় ক্যাপ্টেন। সব শুনে আবেগ তাড়িত হয়ে পড়েন ইজরায়েলের প্রধানমন্ত্রী। যেভাবে স্মিত কঠিন পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি ও সাহসের উপর ভর করে মাথা ঠান্ডা রেখে এত মানুষের জীবন বাঁচিয়েছেন তার প্রশংসা করে বেঞ্জামিন ভারতীয় পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেন। শুভেচ্ছা জানিয়েছেন মচ্ছারের স্ত্রীকেও। এরপরই ক্যাপ্টেন কে আনুষ্ঠানিকভাবে ইজরাইলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানান নেতানিয়াহু। 

 

প্রতিবছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সমাজ ও দেশে অসাধারণ অবদানের জন্য সেখানকার বাসিন্দাদের সম্মাননা প্রদান করা হয়। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিতকেও সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। সাধারণত এই অনুষ্ঠানে বারোটি করে মশাল জ্বালানো হয় ইজরায়েলে। কারা মশাল জ্বালাবেন তা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্থির করা হয়। এবার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী এবং গোটা বিশ্বের কাছে হিরো হয়ে ওঠা পাইলটকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।