রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্ক (Irkutsk) এলাকায় একটি গবেষণাগারে অসাবধানতাবশত টেস্টটিউব ভেঙে প্লেগের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এই ঘটনায় নিউমোনিক প্লেগে (Pneumonic Plague) আক্রান্ত হয়ে ওই ল্যাবের ২৮ বছর বয়সী এক তরুণী টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেছে। আক্রান্ত মহিলার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছে। পাশাপাশি যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছিল, সেই হাসপাতালের একটি অংশ কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
আরও পড়ুন: বিজেপির গা জোয়ারি! দুই সংসদীয় কমিটির শীর্ষপদ থেকে সরানো হল মমতা তৃণমূলের সাংসদদের
স্থানীয় সূত্রের খবর, মৃত তরুণীর নাম দারিয়া শিপিলোভা। তিনি ইরকুটস্কের ‘অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে’ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর গবেষণাগারে নমুনা সংগ্রহের কাজ করার সময় ভুলবশত জীবন্ত ব্যাকটেরিয়া ভর্তি একটি টেস্টটিউব ভেঙে ফেলেন তিনি। এর কয়েকদিন পর তীব্র নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তিনি শেলেখভ (Shelekhov) শহরের একটি জেলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখলেও শেষরক্ষা হয়নি এবং গত ১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: সোনা কিনবেন! হু হু করে কমছে দাম
এই ঘটনার পরপরই সংক্রমণ ঠেকাতে শেলেখভ জেলা হাসপাতালটিকে সম্পূর্ণ কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে এবং সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে মহামারী প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাশিয়ার চিফ স্টেট স্যানিটারি ডক্টর আন্না পপোভা নিজেই মস্কো থেকে সাইবেরিয়ায় পৌঁছে জরুরি বৈঠক করেছেন।
আরও পড়ুন: ওটিটির দুনিয়ায় জিতের রাজকীয় এন্ট্রি: জি ফাইভ বাংলায় আসছে ‘অনন্ত সিং’
ইরকুটস্কের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, মৃত তরুণীর সংস্পর্শে আসা ১৯৭ জনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। তবে স্বস্তির বিষয় হল, এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে প্লেগের লক্ষণ দেখা যায়নি এবং তাঁদের প্রাথমিক ল্যাব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এলাকায় সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের গণজমায়েত ও পাবলিক ইভেন্ট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গবেষণাগারে সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।















