টলিউডের জনপ্রিয় সুপারস্টার জিৎ এবার ওটিটি (OTT) প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। জি ফাইভ (ZEE5) বাংলায় মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এত দিন বড় পর্দায় কাঁপানোর পর, জিতের এই ওটিটি ডেবিউ নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।
আরও পড়ুন: এশিয়াডে ছেলেদের হকিতে সোনা জয় ভারতের, পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল দেশ
টলিউডের বাণিজ্যিক ছবির ‘বস’ তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা কাঁপানোর পর, এবার ডিজিটাল দুনিয়ায় ঝড় তুলতে প্রস্তুত সুপারস্টার জিৎ। জি ফাইভ বাংলার হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে তাঁর। সিরিজের নাম ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে এই মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সিনেমার পর্দায় জিতের অ্যাকশন মানেই দর্শকদের বাড়তি উত্তেজনা। ওটিটির পর্দাতেও তার ব্যতিক্রম হচ্ছে না। ছবির পোস্টার প্রকাশ্যে এনে ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে লেখা, ‘সমাজ দিয়েছে নানা নাম, কেউ বলেছে বিপ্লবী, কেউ বলেছে ডাকাত, কিন্তু এবার বলার পালা আপনার! আপনার চোখে তিনি কে?’
আরও পড়ুন: মাত্র ৫ হাজারেই হানিমুন! রাজবীরকে নিয়ে বিস্ফোরক স্যান্ডি
টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য বা পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা অনেক আগেই ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের মেলে ধরেছেন। তবে জিৎ এতদিন বড় পর্দা এবং নিজের প্রযোজনা সংস্থা নিয়েই ব্যস্ত ছিলেন। তাই জিতের ওটিটিতে আসা বাংলা ডিজিটাল কনটেন্টের দুনিয়ায় একটি বড়সড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে যে জিতের হাত ধরে এক নতুন মাত্রা যোগ হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: রেজিনগরে বুথ দখলের চেষ্টা! বিজেপির চক্রান্ত ফাঁস করলেন কুণাল
জি ফাইভ বাংলার এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জিতের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। বড় পর্দার পর ছোট পর্দায় বা হাতের স্মার্টফোনে জিতের অ্যাকশন দেখার জন্য মুখিয়ে আছেন তারা। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যে আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা নিশ্চিত।















