‘লগান’ (Lagaan)-এর দীর্ঘ ২৫ বছর পর ফের ক্রিকেট মাঠের পটভূমিতে এক হতে চলেছেন অভিনেতা আমির খান এবং পরিচালক আশুতোষ গোয়ারিকর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক লালা অমরনাথের জীবনকে কেন্দ্র করে নির্মিত হতে চলা ‘ললকার’ (Lalkaara) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে।

আরও পড়ুন: দেখে নিন কোন শহরে কত দাম পেট্রোল ডিজেলের

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ সিনেমাটি কেবল বক্স অফিসেই ইতিহাস গড়েনি, বরং অস্কারের মঞ্চেও ভারতীয় সিনেমাকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছিল। রূপোলি পর্দায় ভুবন ও চম্পানের গ্রামবাসীদের সেই ক্রিকেট যুদ্ধের ম্যাজিক আজও দর্শকদের মনে সতেজ। ঠিক আড়াই দশক পর, সেই চেনা ছকেই কি আবারও ফিরছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবং পরিচালক আশুতোষ গোয়ারিকর? বলিউডের গুঞ্জন কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে।

আরও পড়ুন: দেশ গর্বিত আপনার কাজে! আহত পাইলট স্মিতের সঙ্গে ভিডিও কলে কথা প্রধানমন্ত্রীর

গত কয়েকটি ছবিতে বক্স অফিসের হিসাব ঠিকমতো না মেলায় এবার অত্যন্ত সতর্কভাবে পা ফেলছেন আমির খান। সম্পূর্ণ মনঃপূত না হলে কোনও প্রজেক্টে সই করছেন না তিনি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, আশুতোষ গোয়ারিকরের নতুন স্পোর্টস ড্রামা ‘ললকার’-এর চিত্রনাট্য আমিরকে বেশ আকৃষ্ট করেছে। 

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, বাড়ল প্যারাটিচারদের বেতন

ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তথা কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের বায়োপিক হতে চলেছে এটি। ১৯৪৭ সালের দেশভাগের উত্তাল রাজনৈতিক পটভূমি এবং ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের আবহে তৈরি হবে এই ছবির গল্প, যেখানে স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক হিসেবে লালা অমরনাথের নেতৃত্বে পাকিস্তান দলকে হারানোর স্মৃতি আবারও জেগে উঠবে দর্শকদের মনে। আমির এখানে মূল চরিত্রে অভিনয় করবেন, যা ‘লগান’-এর পর তাঁর ক্রিকেটের মাঠে দ্বিতীয় ইনিংস হতে চলেছে।

আরও পড়ুন: বিপদসীমার বাইরে পাইলট স্মিত, স্থানান্তরিত আবুধাবির হাসপাতালে

যদিও আমির খানের টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও জানা গেছে যে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ বেশ জোরকদমেই চলছে। আমির এবং সহ-অভিনেতারা ইতিমধ্যেই ক্রিকেটের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছেন বলে খবর।

সব ঠিকঠাক থাকলে ২০২৬-এর অক্টোবর-নভেম্বর মাস নাগাদ এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে চলেছে। নির্মাতারা ১৯৫২ সালের সেই ঐতিহাসিক টেস্ট সিরিজের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ২০২৭ সালের ডিসেম্বর মাসে সিনেমাটি যাতে বিশ্বব্যাপী মুক্তি পায় সেই লক্ষ্যই রেখেছেন। ২৫ বছর পর আমির-আশুতোষ জুটি ক্রিকেটের মাঠে দ্বিতীয় ইনিংসে নতুন কোনও ইতিহাস লিখতে পারেন কি না, এখন সেটাই দেখার।