বাংলা সিনেমা জগতে এবার আসতে চলেছে এক অভূতপূর্ব ম্যাজিক ও রহস্য-রোমাঞ্চের মেলবন্ধন। প্রখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর (Himadri Kishore Dasgupta) কালজয়ী চরিত্র ‘জাদুকর সত্যচরণ’ এবার বড় পর্দায় রূপ পেতে চলেছে। আর এই নামভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ছবিটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।
আরও পড়ুন: খবর রাতারাতি তৈরি হয় না: বিস্ফোরক রিপোর্টের নেপথ্যের কাহিনী শোনালেন রিতিকা
সাধারণত বাংলা সিনেমাতে গোয়েন্দা বা ভূতের গল্পের ছড়াছড়ি থাকলেও, ‘ম্যাজিক-রিয়েলিজম’ বা জাদু দুনিয়াকে কেন্দ্র করে রহস্যের আবহ খুব একটা দেখা যায় না। জাদুকর সত্যচরণের গল্প সেই খরা দূর করবে। ম্যাজিক ও রোমাঞ্চের এক অদ্ভুত মিশেল দেখা যাবে এই ক্যানভাসে।
ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “সায়ন্তন যখন প্রথম গল্পটা আমায় শোনায়, তখন থেকেই চরিত্রটা আমার দারুণ লাগে। সত্যচরণের চরিত্রটি আর পাঁচটা চেনা চরিত্রের মতো নয়। এর আগে আমি ‘কাকাবাবু’র মতো অ্যাডভেঞ্চার চরিত্রে অভিনয় করেছি, তবে জাদুকরের এই রূপটি একদমই নতুন এবং দর্শকদের জন্য বেশ চমকপ্রদ হবে।”
আরও পড়ুন: SIR নিয়ে জরুরি শুনানিতে ‘না’ বম্বে হাইকোর্টের, মামলা ২২ অক্টোবর
সায়ন্তন ঘোষালের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এটিই প্রথম কাজ। স্টারমার্ক সিনেমা প্রযোজিত এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রধান নারী চরিত্রে ইশা সাহা। এছাড়াও আছেন সব্যসাচী চৌধুরী যিনি একই সঙ্গে এই ছবির চিত্রনাট্যও লিখেছেন।
পরিচালক সায়ন্তন ঘোষাল জানিয়েছেন, “আজকের যুগের দর্শকদের কথা মাথায় রেখে ছবিতে কম্পিউটার গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ইফেক্টসের (VFX) ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এটি মূলত একটি পারিবারিক ছবি, যা ছোট থেকে বড়— সব বয়সের মানুষেরই ভালো লাগবে।”
আরও পড়ুন: বিধায়কদের ‘লাইফস্টাইল’-এও নজর দিল্লির! বাংলায় এসে 'খবরদারি' নীতিনের
জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই ছবির দৃশ্যধারণের কাজ। বারাসাত এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন লোকেশনে ছবির মূল অংশের শুটিং হবে। ইতিমধ্যেই ছবির টিম লোকেশন রেকি করার কাজ শুরু করে দিয়েছে। এই ছবি দর্শক মনে কতটা ম্যাজিক ও রহস্য-রোমাঞ্চ তৈরি করতে পারে সেটাই দেখার।
















