বয়সের বেড়াজাল ভেঙে বাংলায় আসছে নতুন ডান্স রিয়ালিটি শো ‘বাংলার ডান্সিং আইকন’। নাচের প্রতি নিখাদ ভালোবাসা আর অদম্য ইচ্ছে থাকলেই এবার মেগা মঞ্চে পা রাখার সুযোগ পাবেন বাংলার যেকোনও প্রান্তের মানুষ। এই নতুন রিয়ালিটি শো-এর সবচেয়ে বড় চমক হল—এখানে অংশগ্রহণের জন্য বয়সের কোনও সীমা নেই। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, মধ্যবয়সী কিংবা প্রবীণ—যেকোনও বয়সের নৃত্যশিল্পীরাই তাঁদের প্রতিভা প্রদর্শনের সমান সুযোগ পাবেন এই মঞ্চে।

আরও পড়ুন: গ্ল্যামারের আড়ালে এক অবহেলিত অধ্যায়: আজ কোথায় ‘জন্মভূমি’র সেই নিমাই ঘোষ

টলিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তকে এবার দেখা যাবে এই শো-এর বিচারকের আসনে। রিয়ালিটি শো-এর বিচারক হিসেবে এটিই বনির প্রথম কাজ। এই নতুন সফর নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা জানান, “এই শো-তে আমরা কোন বয়সের সীমারেখা রাখছি না। সব বয়সের প্রতিযোগীরা এখানে অংশ নিতে পারবেন। সারা বাংলা জুড়ে অডিশনের মাধ্যমে আমরা সেরা প্রতিভাদের বেছে নেব। আশা করছি, বাংলায় এমন একটা শো দর্শকদের ভীষণ ভালো লাগবে”।

আরও পড়ুন: #VoteChor: জনপ্রতিনিধিই নিরাপদ নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কুণালের উপর পরপর হামলায় বিজেপিকে নিশানা অভিষেকের

বিচারকের আসনে থাকছেন বনি সেনগুপ্ত, শ্রীমা ভট্টাচার্য, খেয়ালি মণ্ডল, অঙ্কুশ্রী মাইতি, রিকি তিয়ারি এবং স্যান্ডি রঙ। তাঁদের অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং নাচের প্রতি দৃষ্টিভঙ্গি প্রতিযোগীদের পারফরম্যান্সকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে শো-তে বনি সেনগুপ্তের উপস্থিতি যে আলাদা মাত্রা নিয়ে আসবে তেমনটাই মনে করা হচ্ছে। গ্ল্যামার, প্রতিযোগিতা, আবেগ, বিনোদন এবং অসংখ্য প্রতিভার সমন্বয়ে ‘বাংলার ডান্সিং আইকন’ হতে চলেছে বাংলার বিনোদন জগতের অন্যতম নতুন আকর্ষণ। 

আরও পড়ুন: পুজোমণ্ডপ এবার আকাশে!বোধন থেকে বিসর্জনে ড্রোনের কেরামতি শহরে

শো-টির পরিচালনার দায়িত্বে রয়েছেন নামী কোরিওগ্রাফার ও পরিচালক করণ আরিয়ান। নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলায় আনন্দিত করণ বলেন, “আমি নিজে একজন ডান্স কোরিওগ্রাফার, তাই নাচ নিয়ে একটা বড় শো করা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই শো-এর বিচারক প্যানেলে যাঁরা থাকছেন, তাঁরা প্রত্যেকেই নাচের জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা সবাই মিলে বাংলা থেকে নাচের এই মঞ্চকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব”।

আরও পড়ুন: সিপিএম-তৃণমূল বন্ধুত্ব! SIR ইস্যুতে বিরোধীদের একযোগে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

খুব শীঘ্রই সারা বাংলা জুড়ে এই শো-এর গ্র্যান্ড অডিশন শুরু হতে চলেছে, যেখানে একক (Solo), দ্বৈত (Duet) কিংবা দলগত (Group)—সব ধরনের নাচের বিভাগেই প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা বয়সের কড়াকড়ি নয়, স্রেফ নাচের তাল আর ছন্দকে সঙ্গী করেই এবার বাংলার ড্রয়িংরুমে ধামাকা করতে আসছে ‘বাংলার ডান্সিং আইকন’।