সামনেই পুজো, আর তার আগেই কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ। তবে রবিবাসরীয় ছুটির দিনে কোন শপিং মল বা চকমকে ইভেন্ট নয়, তিনি সোজা হাজির হলেন সাবিত্রী দেবীর ড্রয়িংরুমে, তাও আবার নিজের আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র সেই চেনা ‘ময়দামুখো’ সাজে! আগামী ১৫ই অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। 

খুনসুটি, আদর আর অফুরন্ত ভালোবাসায় মোড়া এই রবিবাসরীয় আড্ডা নিমেষেই হয়ে উঠল সুপারহিট। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের কোলাজ শেয়ার করে শিবপ্রসাদ লিখেছেন, “বাংলা সিনেমার প্রবাদ প্রতিম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে বহুরূপী। আশীর্বাদ নিলাম। আড্ডা হল, চানাচুর খাওয়া হলো, ফেমাস হিন্দি ডায়লগ শুনলাম জমে গেল আজকের রোববার।” 


এই ছবিতে শিবপ্রসাদকে দেখা যাবে বিক্রম প্রামাণিকের চরিত্রেই। কৌশানি মুখোপাধ্যায় থাকবেন ঝিমলি চরিত্রে। সোহিনীকে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে। তবে অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে। এছাড়াও ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।

প্রসঙ্গত, এর আগে ‘বহুরূপী’র প্রচারের সময়ও শিবপ্রসাদকে দেখা গিয়েছিল রাজ-শুভশ্রী কিংবা জিতের দরবারে পৌঁছে যেতে। এবারও সেই ট্রেন্ড বজায় রেখে প্রবীণ অভিনেত্রীর ঘরের অন্দরমহল থেকে প্রচারের ধামাকা শুরু করলেন তিনি। সাবিত্রী দেবীর পর টলিপাড়ার আর কোন তারকার ড্রয়িংরুমে এই ‘ডাকু’ হানা দেন, এখন সেটাই দেখার।