বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) রহস্যমৃত্যুর পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়। তবে তাঁকে ঘিরে থাকা রহস্যের জট যেন কিছুতেই কাটছে না। এবার সুশান্তের ময়নাতদন্ত (Postmortem) নিয়ে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর এক দাবি তুলে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি নতুন ভিডিও বার্তায় শ্বেতার দাবি, সুশান্তকে যখন উদ্ধার করা হয়, তখন তাঁর পা ভাঙা ছিল এবং তাঁর চোখেও গভীর ক্ষত ছিল।

আরও পড়ুন: ভিকির ঠোঁটে সিগারেট! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টার ঘিরে বিতর্ক

শ্বেতা সিং কীর্তি তাঁর সাম্প্রতিক ভিডিও বার্তায় দাবি করেছেন, যে ব্যক্তি বা কর্মী সুশান্তের ময়নাতদন্তের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর কাছ থেকেই সম্প্রতি কিছু অত্যন্ত উদ্বেগজনক তথ্য জানতে পেরেছেন তাঁরা। শ্বেতার কথায়, “আমরা সম্প্রতি জানতে পেরেছি যে, ভাইয়ের পোস্টমর্টম করেছিলেন যিনি, তিনি জানিয়েছেন সুশান্তের ওপর মারাত্মক বলপ্রয়োগ করা হয়েছিল। তাঁর পা ভাঙা ছিল এবং চোখের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি ওর ঘাড়ে বন্দুক রাখা হয়েছিল বলেও ইঙ্গিত মিলেছে।”

আরও পড়ুন: গ্যালিফ স্ট্রিটে বন্ধ 'সখের হাট', হাই কোর্টের দ্বারস্থ বৈধ ব্যবসায়ীরা

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময় কুপার হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়েছিল। সেই বছরের চূড়ান্ত মেডিকেল ও ফরেনসিক রিপোর্টে যার মধ্যে দিল্লির এইমস-এর বিশেষজ্ঞ দলও ছিল, স্পষ্ট জানানো হয়েছিল যে, সুশান্তের শরীরে ফাঁসি ছাড়া অন্য কোনও বাহ্যিক আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন নেই এবং এটি আত্মহত্যার ঘটনা। তবে শ্বেতার এই নতুন দাবি সেই রিপোর্টের সত্যতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।

আরও পড়ুন: Asian Games: প্রবল বৃষ্টিতে পণ্ড ম্যাচ, এক বল না খেলেও সেমিতে শ্রেয়সরা

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর কিছু সময় পর কুপার হাসপাতালের (Cooper Hospital) মর্গের প্রাক্তন এক কর্মী রূপকুমার শাহ দাবি করেছিলেন যে, সুশান্তের শরীরে একাধিক ফ্র্যাকচার বা হাড় ভাঙার চিহ্ন ছিল এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটি যে আত্মহত্যা নয় বরং খুন, তা বোঝানোর চেষ্টা করেছিলেন। শ্বেতার সাম্প্রতিক ভিডিও বার্তাটি সেই পুরনো জল্পনাকেই নতুন করে উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র পঞ্জাবের বিশ্ববিদ্যালয় চত্বর, বন্ধ ক্লাস

নতুন এই চাঞ্চল্যকর দাবি সামনে আনলেও শ্বেতা তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে সংযত থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভাইয়ের মৃত্যুর এই ক্ষত কোনদিনও ভোলার নয়, কিন্তু তিনি চান না যে এই শোক কারও মনে ঘৃণা বা প্রতিশোধের আগুন জ্বালিয়ে তুলুক। তাঁরা শুধু প্রকৃত সত্যটুকু জানতে চান এবং সুশান্তের জন্য সুবিচারের লড়াই চালিয়ে যাচ্ছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) এই মামলার তদন্তভার নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত এই মৃত্যু রহস্যের কোন চূড়ান্ত আইনি নিষ্পত্তি বা কুলকিনারা মেলেনি। তার মাঝেই অভিনেতার পরিবারের পক্ষ থেকে আসা এই নতুন দাবি সুশান্ত ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।