মহারাষ্ট্রে (Maharashtra) ভোটার তালিকা সংশোধন এবং Special Intensive Revision বা SIR-কে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করল বম্বে হাই কোর্টের (Bombay High Court) কোলহাপুর বেঞ্চ। চার বাসিন্দা ও নিবন্ধিত ভোটারের দায়ের করা রিট পিটিশনটি আগামী ২২ অক্টোবর শুনবে আদালত। সোমবার বিচারপতি শর্মিলা ইউ দেশমুখ এবং বিচারপতি নীরজ ডি ধোতের বেঞ্চে মামলাটি ওঠে। আইনজীবী অসীম সারোদে জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির আবেদন জানান। এরপরেই বেঞ্চ প্রশ্ন করে, “মামলাটি কি প্রধান বেঞ্চে (মুম্বই) যাওয়ার কথা? এতে জরুরি কী আছে? এটি কি জনস্বার্থ মামলা? যেহেতু এটি একটি রিট পিটিশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনাদের কী ব্যক্তিগত অধিকার রয়েছে?” জবাবে আইনজীবী জানান “আমরা এমন নাগরিকদের হয়ে রিট পিটিশন করেছি, যাঁরা ভোটার এবং মনে করছেন তাঁদের অধিকার লঙ্ঘিত হচ্ছে।”
আরও পড়ুন: “নির্ভয়াকাণ্ডের স্মৃতি ফিরছে”, দিল্লিতে পরপর ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ
এরপর সোমবারই মামলাটি শুনতে ‘প্রোডাকশন লিস্ট’-এ তোলার আবেদন জানান তিনি। কারণ, ২৮ বা ২৯ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত হয়নি। তখন আদালতের প্রশ্ন, “নোটিস জারি হওয়ার পর কীভাবে প্রোডাকশনের আবেদন করা হচ্ছে? আমরা ২২ অক্টোবর বিষয়টি দেখব।” মামলাকারীদের দাবি, মহারাষ্ট্রে SIR প্রক্রিয়ার সময়ে নির্বাচন কমিশনের তরফে ১৪টি ‘একতরফা প্রশাসনিক নির্দেশ’ ও তার পরিবর্তন করা হয়েছে। সেই সমস্ত নির্দেশ আদালতের সামনে পেশ করার পাশাপাশি মুছে দেওয়া মহারাষ্ট্রের সমস্ত ভোটারের নাম পুনর্বহাল করা, রাজ্যে SIR সংক্রান্ত নির্দেশ বাতিল করা, ভোটার তথ্য মুছে ফেলা এবং সফটওয়্যার ব্লক করার অভিযোগ, তদন্তে অবসরপ্রাপ্ত বম্বে হাইকোর্টের এক বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচারবিভাগীয় কমিটি গঠন করা সহ একাধিক দাবি জানানো হয়েছে।
পিটিশনে অভিযোগ করা হয়েছে, Chief Election Commissioner জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশন ‘একতরফাভাবে’ প্রশাসনিক নির্দেশ জারি করেছেন, যা Chief Election Commissioner and Other Election Commissioners Act-এর Section 18-এর পরিপন্থী। এছাড়াও দাবি করা হয়েছে, নতুন করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত ভোটার তালিকা অনুমোদিত না হওয়া পর্যন্ত রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন স্থগিত রাখা হোক। এদিকে বম্বে হাইকোর্টের প্রধান বেঞ্চেও SIR নিয়ে আরেকটি মামলার শুনানি হয়েছে। প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত এম সেঠনার বেঞ্চ দুই বাসিন্দার দায়ের করা রিট পিটিশনটি ৫ অক্টোবর শুনবে বলে জানিয়েছে। এই মামলায় SIR-এর enumeration প্রক্রিয়ায় নথি সংগ্রহ এবং ‘সংগ্রহ করা সম্ভব নয়’ এমন কারণ দেখিয়ে ভোটারদের বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী প্রকাশ আম্বেদকর।
আম্বেদকর দাবি করেন, “প্রায় ২ কোটি ভোটারের নাম তালিকা (Voter List) থেকে বাদ পড়ে যেতে পারে, তাই এই মামলাটি জরুরি ভিত্তিতে শুনতে হবে।” এরপর আদালত মামলাটির শুনানি ৫ অক্টোবর নির্ধারণ করে। স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রে SIR-কে ঘিরে একের পর এক মামলা এবং ভোটার তালিকা থেকে সম্ভাব্য নাম বাদ পড়া নিয়ে আইনি বিতর্ক এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
















