ইন্ডি জোটকে (INDIA) ফের এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু করেছিলেন মমতা- রাহুলরা। কিন্তু বৈঠক বসার আগেই জোটের অন্দরে নতুন করে তৈরি হয়েছে অস্বস্তি। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club of India) বিরোধী জোটের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) থাকছেন না। তাঁর বদলে দলের কোনও সিনিয়র নেতাকে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বেআইনি বিদ্যুৎ সংযোগের বলি তিন হাতি, গ্রেফতার জমির মালিক
অখিলেশের অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিশেষ করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা ভোটের আগে কংগ্রেসের (Congress) সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অখিলেশের দল বলছে, উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের ভোটের জন্যই তিনি দিল্লির বৈঠকে থাকতে পারছেন না।
আরও পড়ুন: সন্ন্যাস ভুলে গ্ল্যামারাস অবতারে উদ্দাম নাচ! ‘মোক্ষ ছেড়ে মায়ায়’ ফিরে ট্রোলড মমতা কুলকার্নি
শুধু অখিলেশ নন, বিরোধী শিবিরের আর এক গুরুত্বপূর্ণ শরিক আম আদমি পার্টি (AAP) বৈঠকে থাকবে কি না, তাও এখনও স্পষ্ট নয়। কংগ্রেসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে ইন্ডি জোটে আপের অবস্থান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। লোকসভা ভোটে দিল্লির আসন ভাগাভাগি থেকে শুরু করে পরবর্তী বিধানসভা নির্বাচন, একাধিক ইস্যুতে দুই দলের দূরত্ব প্রকাশ্যে এসেছে। আপ আগেই জানিয়েছিল, তারা ইন্ডি জোটে থাকবে না।
এই পরিস্থিতিতে বিরোধী জোটকে আরও চাপে ফেলতে পারে পঞ্জাবের সমীকরণও। সেখানে বিধানসভা ভোট সামনে রেখে কংগ্রেসের সঙ্গে আপের রাজনৈতিক লড়াই রয়েছে। ফলে একই বৈঠকে দুই দলের প্রতিনিধিদের মুখোমুখি বসা নিয়েও কংগ্রেসের অন্দরে অনীহা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এরই মধ্যে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের কর্মসূচি নিয়েও তৎপরতা শুরু হয়েছে। এই আন্দোলনে আপকে পাশে পাওয়ার আবেদন নিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।
সব মিলিয়ে ৩০ সেপ্টেম্বরের বৈঠক বিরোধী জোটের ভবিষ্যৎ সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে ২৯ সেপ্টেম্বর বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। নির্বাচন কমিশনকে ঘিরে দলের কর্মসূচি এবং বিরোধী জোটে কংগ্রেসের অবস্থান, দুই বিষয়েই সেখানে আলোচনা হওয়ার কথা। পরদিনই দিল্লিতে বসবে ইন্ডি জোটের বৈঠক।
















