গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বড়সড় বিপত্তি IndiGo বিমানে! বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় 6E 6542 বিমানে ‘অ্যাবনরমাল রানওয়ে কন্ট্যাক্ট’ হয়। সূত্রের খবর, অবতরণের সময় বিমানটি টেল স্ট্রাইকের শিকার হয়। পরিস্থিতি সামাল দিতে গো-অ্যারাউন্ড করে দ্বিতীয় প্রচেষ্টায় নিরাপদে বিমানটি অবতরণ করানো হয়। IndiGo-র তরফে জানানো হয়েছে, বিমানটিতে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে বিমান থেকে নেমেছেন। প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে অবতরণের সময় ঘটনাটি ঘটেছে। 

বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী 6E 6542 বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো আবহাওয়ার মধ্যে ‘অ্যাবনরমাল রানওয়ে কন্ট্যাক্ট’-এর সম্মুখীন হয়। সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন এবং বিমান থেকে নিরাপদেই নেমেছেন। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই সেটি ফের পরিষেবায় ফিরবে। ঘটনার পর বিষয়টি নজরে এসেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-এর। সূত্রের দাবি, IndiGo-র A321 বিমানে পরপর টেল স্ট্রাইকের ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে দিল্লি থেকে গোরখপুরগামী IndiGo-র 6E 2381 বিমান অবতরণের সময় টেল স্ট্রাইকের পর সতর্কতামূলকভাবে গো-অ্যারাউন্ড করে। পরে বিমানটির রুটিন পরিদর্শনের সময় লেজের অংশে থাকা Auxiliary Power Unit (APU)-এর ইনলেটের কাছে সামান্য আঁচড় নজরে আসে। এরপর বিমানটিকে সাময়িকভাবে গ্রাউন্ড করে বিস্তারিত পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা করা হয়।