অপ্রাপ্তবয়স্করা কী নিজেরাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Social media account) খুলতে পারবেন? এই প্রশ্নকে সামনে রেখে কেন্দ্রকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আইনগত সুরক্ষা আরও শক্তিশালী করা যায় কিনা, তা নিয়ে কেন্দ্রকে বিধিবদ্ধ নিয়ম তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে বলেছে শীর্ষ আদালত।
একটি জনস্বার্থ মামলা (PIL)-র শুনানিতে এই বিষয়টি উঠে আসে। মামলাটি করেছে এনজিও Just Rights For Children Alliance। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। মামলাকারী পক্ষের হয়ে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট এইচ এস ফুলকা। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে (Solicitor General for the Centre, Tushar Mehta) বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন। আদালতের পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের ডিজিটাল ‘Terms of Service’-এ সম্মতি দিতে হয়। সেই সম্মতিকে একটি আইনি চুক্তির সঙ্গে তুলনা করা যায়। বিচারপতি বাগচীর বক্তব্যের সারমর্ম ছিল, ভারতীয় চুক্তি আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্করা চুক্তি করার যোগ্য নন। ফলে ১৮ বছরের নীচে যারা আছে তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এই আইনি বিষয়টি কীভাবে কার্যকর করা যায়, সেটি কেন্দ্রকে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, বাগডোগরা থেকে ধৃত জওয়ান
মামলাকারী সংগঠনের আবেদনে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা চাওয়া হয়েছে। তবে শিশুদের ইন্টারনেট ব্যবহার পুরোপুরি বন্ধ করার দাবি করা হয়নি। আবেদনে মূলত যে বিষয়গুলি সামনে আনা হয়েছে, তার মধ্যে রয়েছে—
- ১৮ বছরের নীচে বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক বা আইনগত অভিভাবকের সম্মতির ব্যবস্থা।
- শিশুদের নিজেদের নামে স্বাধীনভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থা।
- বয়স যাচাইয়ের জন্য আরও কার্যকর পদ্ধতি।
- শিশুদের অনলাইন সুরক্ষায় স্বয়ংক্রিয় প্রযুক্তিগত ‘ফায়ারওয়াল’ ব্যবহারের সম্ভাবনা।
PIL-এ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঙ্গে যুক্ত বিভিন্ন ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন গ্রুমিং, সেক্সটর্শন, সাইবারবুলিং, যৌন শোষণ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, Facebook ও Snapchat-এর মতো একাধিক বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট বয়সের পর অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকলেও বয়স যাচাই অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর নিজের দেওয়া জন্মতারিখের উপর নির্ভর করে। এখন মূল প্রশ্ন—শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা, অভিভাবকের সম্মতি এবং বয়স যাচাইয়ের মতো সুরক্ষা ব্যবস্থা কী শুধুমাত্র নির্দেশিকা থাকবে, নাকি তা বাধ্যতামূলক বিধিতে পরিণত করা হবে?
















