জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিকে দিকে চলছে প্রতিবাদ কর্মসূচি। সোমবার সেই বিক্ষোভের আঁচ পড়ল মুখ্য নির্বাচন কমিশনারের আগ্রার (Agra) বাড়িতে। তাঁর বিজয়নগরের বাড়ির সামনে হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসকর্মীরা (Congress Workers)। আর সেই বিক্ষোভের সময় বাড়ির পাঁচিল থেকে দেওয়াল জুড়ে কালো কালিতে লেখা হয় ‘জ্ঞানেশ গদ্দার জ্ঞানেশ চোর’। পরে সেই ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। যুব কংগ্রেসের সমাজমাধ্যম হ্যান্ডেল থেকেও বিক্ষোভের ছবি সামনে আসে।
আরও পড়ুন: কামারডাঙার পুজোয় ‘বামবধের’ ফতোয়া! তীব্র নিন্দা সবমহলে
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে কংগ্রেস। উত্তরপ্রদেশেও একাধিক কর্মসূচি হয়েছে। সোমবারের কর্মসূচি শুধু আগরাতেই সীমাবদ্ধ ছিল না। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যেও বিরোধী দলগুলির প্রতিবাদ কর্মসূচি করে। বিহারের পটনায় বাম দলগুলিও বিক্ষোভে নামে। দিল্লিতে যুব কংগ্রেসের কর্মীরা জ্ঞানেশ কুমারের মুখের আদলে তৈরি মুখোশ পরে এবং হাতে প্রতীকী হাতকড়া লাগিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের মূল দাবি, নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে হবে এবং মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ ও আন্দোলনের ডাক দিয়েছে। সংগঠনটির তরফে জানানো হয়েছে, ২ অক্টোবর থেকে মুম্বইয়ে আন্দোলন শুরু করে পরে দেশের বিভিন্ন শহরে তা ছড়িয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের মূল অভিযোগ এসআইআর পদ্ধতি (SIR) এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, এসআইআর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দুই কমিশনার সিংহ সান্ধু এবং বিবেক যোশীকে যথাযথভাবে অবহিত করা হয়নি। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো করে বিরোধী দলগুলি। সেইসঙ্গে কংগ্রেস-সহ একাধিক দল সংসদীয় পথে তাঁকে অপসারণের উদ্যোগের নেওয়া শুরু করেছে।
















