বাংলায় বিজেপি (BJP) ক্ষমতায় এলে রাজ্যের নিয়ন্ত্রণ চলে যাবে দিল্লির (Delhi) হাতে। নির্বাচনের আগে কার্যত এই সতর্কবার্তাই শোনা গিয়েছিল তৃণমূল-সহ রাজ্যের অন্যান্য বিজেপি-বিরোধী দলগুলির মুখে। ক্ষমতায় আসার কয়েক মাস যেতে না যেতেই সেই ছবিটাই এবার কার্যত স্পষ্ট হয়ে উঠেছে। পুতুল বাংলার হলেও সুতোটা যে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকেই চালিত হচ্ছে, তা আবারও বেআব্রু। রাজ্যের মন্ত্রী-বিধায়কদের লাইফস্টাইলেও এবার নজর রাখছে দিল্লি। বিধায়করা (MLA) দিনে কতবার চা-কফি খাচ্ছেন, সেদিকেও নজর রাখছেন শীর্ষ নেতৃত্ব। পালাবদলের পর এই প্রথমবার বাংলায় এসে কার্যত সেই সতর্কবার্তাই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। রাজ্যে এসেই বিধায়কদের উদ্দেশে নীতীনের নিদান, “দলই সবার আগে, শুধুমাত্র পরিবারকেন্দ্রিক হয়ে গেলে চলবে না।"

আরও পড়ুন: শীতের দূষণ রুখতে দিল্লিতে বড় পদক্ষেপ! দ্বিগুণ পার্কিং ফি, ৫০% WFH, বন্ধ নির্মাণকাজ

বৈঠকে বিধায়কদের একাংশের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, কয়েকজন বিধায়ক সাধারণ মানুষের বদলে নিজেদের পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই বেশি ব্যস্ত। এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। নীতীনের বার্তা, বিধায়ক পদ কোনও পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং দলের সংগঠনের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখতে হবে। অন্যথায় আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সময় তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন নীতিন।

আরও পড়ুন: খেলতে গিয়ে ভয়াবহ পরিণতি! ২৫০ ফুট গভীর কুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের নেহার

বিধায়ক থেকে মন্ত্রী, দলের জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে যে কোনও রকম আপস করতে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব, বৈঠকে সেই বার্তাই দিয়েছেন নীতীন নবীন। রবিবার বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে জনপ্রতিনিধিদের জনসংযোগ, জীবনযাপন এবং দলের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তিনি। জনপ্রতিনিধিদের জীবনযাপন নিয়েও সতর্ক করেছেন তিনি। বিধায়করা কীভাবে চলাফেরা করছেন, কী ধরনের গাড়ি ব্যবহার করছেন, এমনকি তাঁদের দৈনন্দিন অভ্যাসও যে নজরের বাইরে নয়, বৈঠকে তা বুঝিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় এমন কোনও আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিধায়করা দিনে কতবার চা- কফি খাচ্ছেন সেদিকেও শীর্ষ নেতৃত্বের নজর আছে বলেও স্পষ্ট করে দিয়েছেন নীতীন।

মন্ত্রীদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কবার্তা রয়েছে। মন্ত্রীর পদ বা সরকারি দফতরকে ব্যক্তিগত প্রভাব খাটানোর জায়গা হিসেবে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, কয়েকটি দফতরে মন্ত্রীদের আত্মীয় বা পরিচিতদের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে বৈঠকে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, জনপ্রতিনিধির পরিবারের কেউ যেন মন্ত্রীর পদকে কাজে লাগিয়ে কোনও ধরনের প্রভাব বিস্তার করতে না পারেন।

শুধু মন্ত্রী বা বিধায়ক নন, দলীয় সংগঠনের সঙ্গেও জনপ্রতিনিধিদের সম্পর্ক আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। আচরণবিধি মেনে চলার পাশাপাশি দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। কোনও বিধায়ক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না। বৈঠকে এই বার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে সামনে পুরভোট। কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় ভোট ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অন্দরে আলোচনা চললেও টিকিট বণ্টনের ক্ষেত্রে স্থানীয় বিধায়কদের সুপারিশকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যোগ্যতা এবং দলের প্রয়োজনের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে বলে বৈঠকে বার্তা দিয়েছেন নীতীন।

পুজো কমিটিতে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও সতর্ক করা হয়েছে। কোনও দুর্গাপুজো কমিটি নিজে থেকে কাউকে দায়িত্ব দিলে তা গ্রহণ করা যেতে পারে। কিন্তু বিধায়করা নিজেদের প্রভাব খাটিয়ে কোনও পুজো কমিটিতে পদ নেওয়ার চেষ্টা করবেন না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদের। সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলা বা প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রেও সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে নেতা-মন্ত্রীদের। পাশাপাশি বিধায়ক কার্যালয়ে নিয়মিত সময় দিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার উপরও জোর দিতে বলা হয়েছে।

ট্রান্সফার-পোস্টিংয়ের মতো প্রশাসনিক বিষয়ে সুপারিশ না করার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে কোনও সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া বা এমন কোনও অভিযোগ ওঠে, যাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক করেছে নেতৃত্ব। সব মিলিয়ে, সরকারে আসার পর দলের বিধায়ক ও মন্ত্রীদের আচরণ নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে, তার পুনরাবৃত্তি যাতে না হয়, এবার সেই বিষয়েই কড়া নজরদারির বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।