রাজ্যে শিল্প পুনরুজ্জীবন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় উদ্যোগ নিল প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় এবং রাজ্যের উদ্যোগে এবার কলকাতায় আয়োজিত হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ শক্তি সম্মেলন ‘ভারত শক্তি সপ্তাহ’ বা ‘ইন্ডিয়া এনার্জি উইক’। সোমবার এই আন্তর্জাতিক সম্মেলনের ‘কার্টেন রাইজার’ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই আন্তর্জাতিক মেগা সম্মেলনের হাত ধরে শক্তি ও জ্বালানি ক্ষেত্রে বাংলায় বিপুল আন্তর্জাতিক লগ্নি আসবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তিনি অশোকনগরে তেল উত্তোলন প্রকল্পের অগ্রগতি, হলদিয়া শোধনাগারের আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং সুন্দরবনে ম্যানগ্রোভ রোপণ-সহ একগুচ্ছ পরিবেশ ও পরিকাঠামোগত প্রকল্পের রূপরেখা তুলে ধরেন।
উল্লেখ্য, ‘ইন্ডিয়া এনার্জি উইক’ ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি সম্মেলন। পূর্বে বেঙ্গালুরু, গোয়া এবং দিল্লিতে এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের ২৮ থেকে ৩১ জানুয়ারি প্রথম বার কলকাতার মাটিতে চার দিনব্যাপী এই মেগা আসর বসতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। অশোকনগরে তেল উত্তোলনের কাজ পুরোদমে গতি পেয়েছে এবং হলদিয়া শোধনাগারেও নতুন ইউনিট চালু করা হয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই বাংলায় প্রকৃত উন্নয়ন এবং শিল্পায়নের নতুন পথ তৈরি হচ্ছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিগত বছরগুলিতে বাংলায় কী সুযোগ নষ্ট হয়েছে, তা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। রাজ্যে এখন কাজের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে বিনিয়োগ আসতে বাধ্য এবং প্রধানমন্ত্রীর দেখানো দিশায় বাংলা শিল্পে তার পুরোনো গৌরব ফিরে পাবে।
















