বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক (Former TMC MLA) তথা উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das)। সোমবার দুপুরে বনগাঁর গোপালনগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে গোপালনগর থানার পুলিশ (Gopalnagar Police Station)। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়েই প্রাক্তন বিধায়কের গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: এসআইআরে নাম বাদ, হজযাত্রীদের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে গাড়ি করে গোপালনগর বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ। সেই সময় তাঁর গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। অস্ত্রটি কোথা থেকে এল এবং কেন তা গাড়িতে রাখা হয়েছিল, তা নিয়ে বিশ্বজিতের কাছে জানতে চাওয়া হয়। পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। সেইসঙ্গে তাঁর গাড়িটিও আটক করা হয়েছে।
বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের দু’বারের বিধায়ক। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলবদল করে বিজেপির প্রার্থী হিসেবে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই ফের তৃণমূলে ফিরে আসেন। এর পর ২০২৪ সালে তাঁকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
ওই বছরই লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিধায়ক পদে ইস্তফা দেন বিশ্বজিৎ। তবে লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এর পর চলতি বিধানসভা নির্বাচনেও বনগাঁ উত্তর কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করেছিল। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার কাছে পরাজিত হন বিশ্বজিৎ। আর এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন তিনি।
















