সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে রাজ্য প্রশাসন ও সংঘ পরিবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল সিপিআই(এমএল) লিবারেশন। সোমবার সংগঠনের রাজ্য কমিটির তরফে এক প্রেস বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক মদতে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রগুলিকে কুক্ষিগত করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় পুলিশের নীরব ভূমিকা এবং পড়ুয়াদের হেনস্তার অভিযোগ তুলেও ক্ষোভ উগরে দিয়েছে বামপন্থী এই রাজনৈতিক দল।

বিবৃতিতে দাবি করা হয়েছে, এসআরএফটিআই ক্যাম্পাসে পরিকল্পিত ভাবে তাণ্ডব চালিয়েছে সংঘ পরিবারের লোকজন। হামলার স্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ্যে থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি কিংবা অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। উল্টে আক্রান্ত পড়ুয়াদের নিরাপত্তা দেওয়ার বদলে পুলিশ তাঁদেরই হেনস্তা করেছে বলে অভিযোগ তুলেছে লিবারেশন নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার, কঠোর শাস্তি এবং ক্যাম্পাসের পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

অন্য দিকে, এই ঘটনার প্রতিবাদে এবং এসআরএফটিআই-এর আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়ে সোমবার যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠনগুলি এক যৌথ মিছিলের ডাক দেয়। মিছিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। রাজ্য কমিটির তরফে আরও অভিযোগ করা হয়েছে, বাংলার দীর্ঘ ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে পরিকল্পিত ভাবে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক ও শিক্ষানুরাগীদের একজোট হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সিপিআই(এমএল) লিবারেশন।