কলকাতা হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও ঘরে ফেরা হল না নানুরের ঘরছাড়াদের। সোমবার পুলিশি পাহারায় ১৮ থেকে ২০টি পরিবার ফিরতে গিয়েও হামলার মুখে পড়ে। অভিযোগ, গ্রামে ঢোকার মুখে তাঁদের উপর রড, বাঁশ ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চলে। অভিযোগ তৃণমূল (TMC) নেতা কাজল শেখের (Kajal sheik) অনুগামীদের বিরুদ্ধে বিরুদ্ধে। হামলাকারীদের থেকে কোনও রকমে ঘরছাড়া পরিবারগুলিকে উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ (Police) বাহিনী। তাঁদের নানুর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশ সত্ত্বেও শেষ পর্যন্ত নিজের বাড়ি ফেরা আর সম্ভব হয়নি ঘরছাড়াদের। 

অভিযোগ, ২০০৬ সালের রাজনৈতিক হিংসার শিকার হয়ে ঘরছাড়া ওই পরিবারগুলি। তাদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়ে প্রশাসনকে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু প্রথম থেকেই এর বিরোধিতা করেন তৃণমূল নেতা কাজল শেখ। বলেন, “যাঁরা গ্রামে ঢোকার চেষ্টা করছেন, তাঁরা সাধারণ গ্রামবাসী নন, এরা মূলত সিপিএম আমলের ‘হার্মাদ বাহিনী’ এবং অতীতে বহু রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।” এদিন গ্রামে ঢোকার পথেই তাঁদের উপর রড, বাঁশ ও ধারাল অস্ত্র নিয়ে হামলা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী হামলাকারীদের হাত থেকে আক্রান্তদের উদ্ধার করে নানুর থানায় নিয়ে আসে। আইনি নির্দেশ পরেও বাড়ি ফিরতে না পারায় প্রশাসনকেই দায়ী করছেন ঘরছাড়ারা।