ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ভেতরে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। সোমবার দুপুরে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র (এসি) কলেজের এই আকস্মিক ঘটনায় ক্যাম্পাস চত্বরে চরম শোরগোল ও চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ। আটক করা হয় ওই পড়ুয়াকে।
কলেজ সূত্রে খবর, ওই ছাত্রের নাম অর্ণব সরকার। তিনি আনন্দ চন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং একই সঙ্গে ছাত্র সংগঠন এসএফআই-এর লোকাল কমিটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন ক্লাসে পঠনপাঠন চলার সময়ই আচমকা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন অর্ণব। তবে উপস্থিত শিক্ষকদের ক্ষিপ্র তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। শিক্ষকেরা দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে নিরস্ত করেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বর ছাড়াও স্থানীয় ছাত্র রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। এসএফআই নেতৃত্বের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ক্যাম্পাসে তাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অর্ণবকে নানাভাবে মানসিক হেনস্থা ও নির্যাতন করা হচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরেই এমন চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। তাদের পাল্টা দাবি, নজর কাড়তে এবং রাজনৈতিক সুবিধা পেতেই এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিত কাণ্ড ঘটানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, তার জন্য কলেজ চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে।
















