এসআইআর-এর (SIR) সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সমস্যায় পড়েছে হজযাত্রীরা (Hajj pilgrim)। এবার ট্রাইব্যুনালকে তাঁদের দ্রুত আপিল শুনে নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হজযাত্রার আগে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে পাসপোর্ট ও ভিসা (Passport and Visa) পেতে সমস্যায় পড়েছেন আবেদনকারীরা। এই পরিস্থিতিতে তাঁদের দায়ের করা আপিল দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে আদালত।
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও (Justice Krishna Rao) জানতে পারেন, আবেদনকারীরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে (Tribunal) আপিল দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হজযাত্রার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে সমস্যা হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে হজে যাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন: হিমলুংয়ের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, হারাল আস্ত গ্রাম!
অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আইন মেনেই আবেদনকারীদের আপিল বিবেচনা করা হবে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, বিষয়টি আর ফেলে রাখা যাবে না। হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়ার পর দুই সপ্তাহের মধ্যে আপিলটি বিবেচনা করে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন: মিলনের জামিন নিয়ে নির্দেশ দিল না আদালত, মঙ্গলে রায়ের সম্ভাবনা
হাই কোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন সংশ্লিষ্ট হজযাত্রীরা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে, ট্রাইব্যুনালের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তার সমাধানের পথ খুলতে পারে বলেই মনে করা হচ্ছে।
















